কর্মক্ষেত্রে ডে-কেয়ার চান কঙ্গনা

আপডেট : ০৩ জুন ২০২৬, ০২:০২ এএম

বলিউডের শুটিং সেটে সহশিল্পীর ছোট বাচ্চার উপস্থিতি দেখে কর্মজীবী মায়েদের কঠিন বাস্তবতার কথা তুলে ধরেছেন কঙ্গনা রানাউত। তার আসন্ন সিনেমা ‘ভারত ভাগ্য বিধাতা’র প্রচারণায় এসে তিনি প্রশ্ন তোলেন, বড় বড় সব সুযোগ-সুবিধা থাকলেও কর্মক্ষেত্রে শিশুদের জন্য কেন আলাদা কোনো কক্ষ বা ডে-কেয়ারের ব্যবস্থা থাকে না।

সিনেমার প্রচারণায় কঙ্গনা জানান, শুটিং চলাকালীন সহশিল্পী স্মিতা তাম্বের কন্যারা প্রায়ই সেটে আসত। বিষয়টি খেয়াল করে কঙ্গনা অনুধাবন করেন, আমাদের কর্মক্ষেত্রগুলো এখনো মায়েদের উপযোগী করে তৈরি করা হয়নি। পর্যাপ্ত সহায়তার অভাবে অনেক নারীকে বাধ্য হয়ে ক্যারিয়ার ও পরিবারের যেকোনো একটিকে বেছে নিতে হয়।

তিনি জোর দিয়ে বলেন, কেবল নারীদের কর্মক্ষেত্রে যোগ দিতে উৎসাহিত করাই যথেষ্ট নয়, বরং মায়েরা যেন দ্বিধাহীনভাবে সন্তানদের কাজের জায়গায় নিয়ে আসতে পারেন, সেই পরিবেশ তৈরি করা জরুরি।

পেন স্টুডিওস ও মণিকর্ণিকা ফিল্মসের ব্যানারে নির্মিত এবং একঝাঁক নারী তারকা অভিনীত ‘ভারত ভাগ্য বিধাতা’ সিনেমাটি আগামী ১২ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত