বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান মো. রেজাউল করিমকে এক বছরের জন্য স্বপদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। আগামী ৭ জুন তার অবসরোত্তর ছুটিতে যাওয়ার কথা ছিল। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী অবসরোত্তর ছুটি এবং অন্যান্য সুবিধা স্থগিত রেখে পিডিবির চেয়ারম্যান পদে মো. রেজাউল করিমকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। সরকারের জারি করা আদেশ অনুযায়ী, চেয়ারম্যান পদে যোগদানের তারিখ থেকে তার এই নিয়োগ কার্যকর হবে এবং তিনি আগামী এক বছর দায়িত্ব পালন করবেন।নিয়োগের অন্যান্য শর্তাবলি পৃথক চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ৩৯তম চেয়ারম্যান হিসেবে ২০২৪ সালের ১ সেপ্টেম্বর দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি পিডিবিতে সদস্য বিতরণ হিসেবে দায়িত্ব পালন করেছেন। রেজাউল করিম ১৯৬৭ সালের ৭ জুন বগুড়ায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৯ সালে কুয়েট থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং (তড়িৎ) ডিগ্রি অর্জন করেন। ১৯৯১ সালে সহকারী প্রকৌশলী হিসেবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে কর্মজীবন শুরু করেন।
