আম খাওয়ার প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ 

আপডেট : ০৬ জুন ২০২৬, ০৩:০৪ পিএম

ফরিদপুরের বোয়ালমারীতে আম খাওয়ার প্রলোভন দেখিয়ে এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে অভিযুক্তকে আটক করেছে বোয়ালমারী থানা পুলিশ। অভিযুক্তের নাম ফয়জুল্লাহ মোল্যা (৩২)। 

তিনি উপজেলার গুনবহা ইউনিয়নের চন্দনি গ্রামের সোলেমান মোল্যার ছেলে এবং তিন সন্তানের জনক।

জানা যায়, শুক্রবার (৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে ফায়জুল্লাহর তার প্রতিবেশী এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে আম খাওয়ার প্রলোভন দেখিয়ে ঘরে নিয়ে ধর্ষণ করে। এসময় মেয়েটির চিৎকার শুনে দৌড়ে গিয়ে মেয়েটিকে উদ্ধার করে তার চাচি। স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে একটি বাড়িতে আটকে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক ও ভুক্তভোগীকে নিজেদের হেফাজতে নেয়। 

পরিবার সূত্রে জানা যায়,  বুদ্ধি-প্রতিবন্ধী মেয়েটির পিতা স্থানীয় একটি মসজিদের মুয়াজ্জিন ও মা বিভিন্ন বাড়িতে কাজ করে। এ সুযোগে দীর্ঘদিন ধরে মেয়েটিকে উত্যক্ত করে আসছিল ফয়জুল। স্ত্রী সম্প্রতি বেড়াতে গেলে শুক্রবার দুপুরে মেয়েটিকে একা পেয়ে আম খাওয়ার প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে যায় ফয়জুল। পরে ধর্ষণ করে।

বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করেছে ও ভুক্তভোগী কিশোরীর শারীরিক পরীক্ষার জন্য নিজেদের হেফাজতে নিয়েছে। শনিবার সকালে তার শারীরিক পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টেপ সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। সেই সাথে অভিযুক্তকে আদালতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে একটি নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত