রাজধানীর মতিঝিল ব্যাংকপাড়ায় প্রকাশ্যে মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী লোকমান (৪৮) নামে এক ব্যক্তির ওপর গুলি চালিয়ে টাকার ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ওই ব্যক্তি ডান হাতে গুলিবিদ্ধ হয়ে বর্তমানে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গতকাল রবিবার বিকেল ৩টার দিকে মতিঝিলে জনতা ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর দাবি, তার ব্যাগে ৬০ লাখ টাকা মূল্যমানের বৈদেশিক মুদ্রা ছিল। তবে পুলিশ বলছে, তার কাছে প্রায় ১৭ লাখ টাকা ছিল বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। টাকার উৎসসহ বিস্তারিত জানতে ভুক্তভোগীকে জিজ্ঞাসাবাদ চলছে। একই সঙ্গে দুর্বৃত্তদের ধরতে অভিযান চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজধানীর মতিঝিলে জনতা ব্যাংক করপোরেট শাখার সামনে অজ্ঞাতনামা ছয় দুর্বৃত্ত তিনটি মোটরসাইকেলে এসে এক ব্যক্তিকে লক্ষ্য করে তিন-চার রাউন্ড গুলি করে। পরে তার কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দুটি গুলির খোসা উদ্ধার করেছেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, টাকাগুলো হুন্ডির হতে পারে। ভুক্তভোগীর সঙ্গে বিস্তারিত কথা হয়নি। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। পাশাপাশি ওই এলাকার সব সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।
মতিঝিল থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, মিলন নামে এক ব্যক্তির টাকা আরেক ব্যক্তিকে দেওয়ার কথা ছিল। বেলা ৩টার দিকে অজ্ঞাতনামা ব্যক্তিরা গুলি করে লোকমানের কাছ থেকে টাকার ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। ভুক্তভোগীর ডান হাতে গুলিবিদ্ধ হয়েছেন। তাকে চিকিৎসার জন্য মুগদা মেডিকেলে পাঠানো হয়েছে। তবে ব্যাগে কত টাকা ছিল, তা এখন নিশ্চিত হওয়া যায়নি। ব্যাগে বিদেশি মুদ্রা ছিল বলেও ভুক্তভোগী জানিয়েছেন।
ঘটনার পর ভুক্তভোগী দাবি করেন, দেশি টাকা ও ডলারসহ ৬০ থেকে ৭০ লাখ টাকা ছিল তার ব্যাগে। তবে কিসের টাকা, সেটি তিনি বিস্তারিত জানাননি। অপরাধীদের গ্রেপ্তারে ওই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
