টানা দ্বিতীয়বারের মতো মে মাসে মূল্যস্ফীতি ৯ শতাংশের ওপরে উঠেছে। একই সঙ্গে এটি গত ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি রেকর্ড। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, গত মাসে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ৪২ শতাংশে দাঁড়িয়েছে, যা ২০২৫ সালের ফেব্রুয়ারির পর সর্বোচ্চ। গতকাল রবিবার মে মাসের মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য প্রকাশ করে বিবিএস।
সংশ্লিষ্টদের মতে, সম্প্রতি জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব মূল্যস্ফীতির ওপর পড়তে শুরু করেছে। এতে সীমিত আয়ের মানুষ ও মধ্যবিত্ত পরিবারের জীবনযাত্রার ব্যয় আরও বেড়েছে।
বিবিএসের সর্বশেষ তথ্য অনুযায়ী, মে মাসে খাদ্য ও খাদ্যবহির্ভূত উভয় খাতেই মূল্যস্ফীতি বেড়েছে, যার প্রভাব পড়েছে সার্বিক মূল্যস্ফীতির ওপর। মে মাসে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক শূন্য ৬ শতাংশে দাঁড়িয়েছে, যা এপ্রিল মাসে ছিল ৮ দশমিক ৩৯ শতাংশ। একই সময়ে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৫৭ শতাংশ থেকে বেড়ে ৯ দশমিক ৭১ শতাংশে পৌঁছেছে।
এর আগে সর্বোচ্চ মূল্যস্ফীতি দেখা গিয়েছিল ২০২৫ সালের জানুয়ারিতে, যখন সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৯৪ শতাংশ। এরপর ওঠানামার মধ্য দিয়ে মার্চে তা ৯ দশমিক ৩৫ শতাংশে পৌঁছায়।
চলতি অর্থবছরের শুরুতে টানা কয়েক মাস মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে গত ফেব্রুয়ারিতে ৯ শতাংশের ঘরে পৌঁছেছিল। তবে মার্চে তা কিছুটা কমে ৮ শতাংশের ঘরে নেমে আসে। পরে এপ্রিল মাসে আবার বেড়ে ৯ দশমিক শূন্য ৪ শতাংশে দাঁড়ায়। সর্বশেষ মে মাসে আরও বৃদ্ধি পাওয়ায় টানা দ্বিতীয় মাসের মতো মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী অবস্থানে রয়েছে।
