কুমিল্লার চৌদ্দগ্রামে সিএনজিচালক মো. হৃদয় (২৪) হত্যা মামলায় তিনজনকে আটক করেছে চৌদ্দগ্রাম মডেল থানা পুলিশ। নিহত হৃদয় উপজেলার চিওড়া ইউনিয়নের শাকতলা গ্রামের মৃত হেদায়েতুল্লাহর ছেলে।
বৃহস্পতিবার (১১ জুন) মামলার এজাহার ও তদন্তে তাদের সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর পুলিশ তাদের আটক করে আদালতে সোপর্দ করেছে।
আটককৃত এজাহারভুক্ত আসামিরা হলেন— উপজেলার চিওড়া ইউনিয়নের ঘোষতল পূর্বপাড়া নতুন বাড়ির নজির আহম্মেদের ছেলে নুরুল আমিন পানসি (২৫) এবং একই ইউনিয়নের ঘোষতল খন্দকার বাড়ির আফতাব উদ্দিন খন্দকারের ছেলে তাহমিদ আহমেদ খন্দকার প্রান্ত (২৮)। এছাড়া তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে জগন্নাথদিঘী ইউনিয়নের গাংরা ভূঁইয়া বাড়ির মৃত আব্দুল হালিমের ছেলে মো. জসীম উদ্দিন (৫৯)-কে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত হৃদয়ের পরিবারের অভিযোগের ভিত্তিতে দায়ের করা মামলায় (মামলা নং-২৩, তারিখ-১১/০৬/২০২৬) এজাহারভুক্ত ও তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাদের নাম উঠে আসে। মামলাটি পেনাল কোডের ৩২৩/৩০২/১০৯ ধারায় রুজু করা হয়েছে। ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করে এবং প্রাথমিক অনুসন্ধানে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১০ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চিওড়া ইউনিয়নের ধোড়করা বাজারে মোটরসাইকেলের সামান্য ধাক্কা লাগাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সিএনজিচালক হৃদয় হামলার শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হৃদয়ের মৃত্যুতে এলাকাজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এদিকে হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন বলেন, ‘হৃদয় হত্যা মামলায় তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তদন্তের স্বার্থে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।’
৫৮ দিনের অবসান, মধ্যরাতেই সাগরে ছুটছেন জেলেরা