মেক্সিকোয় ইসলামি ঐতিহ্যের প্রদর্শনী

আপডেট : ১৬ জুন ২০২৬, ০৬:৪৪ এএম

মেক্সিকোয় ইসলাম ও আরব সভ্যতার সৌন্দর্য ও ঐতিহ্য বিশ্ববাসীর সামনে তুলে ধরার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ওয়ার্ল্ড অ্যাসেম্বলি অব মুসলিম ইয়ুথ। সংস্থাটির আয়োজিত ‘অনুপ্রেরণাদায়ক সভ্যতা’ শীর্ষক প্রদর্শনী ইতিমধ্যে দর্শনার্থীদের ব্যাপক আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

বিশ্বকাপ উপলক্ষে আয়োজিত এই প্রদর্শনীতে ইসলামি ও আরব সভ্যতার বিভিন্ন দিক আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা হচ্ছে। ১১টি বিশেষায়িত প্যাভিলিয়নের মাধ্যমে ইতিহাস, সংস্কৃতি, জ্ঞান-বিজ্ঞান, সামাজিক মূল্যবোধ এবং মুসলিম সভ্যতার অবদান তুলে ধরা হচ্ছে। বিভিন্ন মডেল, বই, তথ্যচিত্র, প্রকাশনা ও স্মারক উপহারের মাধ্যমে দর্শনার্থীরা ইসলামের সমৃদ্ধ ঐতিহ্য সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ পাচ্ছেন।

প্রদর্শনীর অন্যতম বৈশিষ্ট্য হলো এর ইন্টারেক্টিভ সাংস্কৃতিক আয়োজন। দর্শনার্থীরা আরব বিশ্বের ঐতিহ্যবাহী পোশাক থোব, শেমাগ ও বিশত পরিধান করে ছবি তুলতে পারছেন। পাশাপাশি মেহেদি অঙ্কন, হিজাব পরিধানের অভিজ্ঞতা এবং অন্যান্য সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে তারা আরব ঐতিহ্যের সঙ্গে সরাসরি পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছেন।

দুই পবিত্র মসজিদকে নিবেদিত করে নির্মিত বিশেষ প্যাভিলিয়নও দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করছে। এখানে মসজিদে হারাম ও মসজিদে নববীর মডেল, ঐতিহাসিক আলোকচিত্র এবং আধুনিক সম্প্রসারণ প্রকল্পের তথ্য প্রদর্শন করা হচ্ছে। সেই সঙ্গে হজ ও ওমরাহ পালনকারীদের জন্য গৃহীত উন্নয়ন কার্যক্রম, আধুনিক ব্যবস্থাপনা এবং সেবার বিভিন্ন দিকও তুলে ধরা হচ্ছে। আরব আতিথেয়তার ঐতিহ্য তুলে ধরতে প্রদর্শনী প্রাঙ্গণে স্থাপন করা হয়েছে একটি ঐতিহ্যবাহী আরবীয় তাঁবু। সেখানে অতিথিদের আপ্যায়ন করা হচ্ছে আরবীয় কফি, খেজুর ও নানা ঐতিহ্যবাহী খাদ্যসামগ্রী দিয়ে। ফলে দর্শনার্থীরা শুধু তথ্যই অর্জন করছেন না, বরং আরব সংস্কৃতির আন্তরিকতা ও অতিথিপরায়ণতার বাস্তব অভিজ্ঞতাও লাভ করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত