মন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘুরেছি প্রমাণ করতে হবে

আপডেট : ১৬ জুন ২০২৬, ০৭:২৫ এএম

আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন বলেছেন, স্বাস্থ্যমন্ত্রী যদি দাবি করে থাকেন যে, আদ্-দ্বীন হাসপাতাল তার পেছনে কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, তাহলে সেই অভিযোগের প্রমাণ তাকেই দিতে হবে। গতকাল সোমবার বিকেলে আদ্-দ্বীন হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, টাকা নিয়ে কেন ঘুরব? এমন কিছু করিনি। হাসপাতালের লাইসেন্স ফিরে পেতে আজ (মঙ্গলবার) আপিল করা হবে বলেও জানান শেখ মহিউদ্দিন।

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গত ১১ জুন রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করে সরকার। তিন দিনের মধ্যে রোগীদের অন্য হাসপাতালে সরিয়ে নিতে বলা হয়। লাইসেন্স বাতিলের পর বিপাকে পড়েন সেখানে চিকিৎসাধীন রোগীরা।

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিল নিয়ে আলোচনার মধ্যে ১৩ জুন নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, ‘লাইসেন্স বাঁচাতে হাসপাতালটির কর্র্তৃপক্ষ কোটি কোটি টাকা নিয়ে তার পেছনে ঘুরেছেন’।

স্বাস্থ্যমন্ত্রীর এ বক্তব্যের দুদিন পর গতকাল সোমবার সংবাদ সম্মেলনে এসে অভিযোগ নাকচ করলেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক। শিশু মৃত্যুর কারণ জানতে চাইলে শেখ মহিউদ্দিন বলেন, ঠিক কী কারণে শিশুদের মৃত্যু হয়েছে, তা এখনো জানা যায়নি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনেও স্পষ্ট করা হয়নি কী কারণে শিশুরা মারা গেছে। যেসব শিশু মারা গেছে, তাদের ময়নাতদন্তও হয়নি।

লাইসেন্স বাতিলের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তর একটি প্রতিবেদন দিয়েছে জানিয়ে আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বলেন, তদন্ত প্রতিবেদনে সুস্পষ্ট কারণ না থাকলেও যেসব বিষয়ে বলা হয়েছে, তা সংস্কার শুরু হয়েছে। তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী বুয়েটের ইঞ্জিনিয়ার দিয়ে সংস্কার শুরু করেছি। তিনজন ইঞ্জিনিয়ার কাজ করছে। পুরো হাসপাতালের ভেন্টিলেশন ঠিক করার জন্য যা যা প্রয়োজন আমরা সব করছি। এ ছাড়া শিশু ওয়ার্ড সিলগালা করা হয়েছে, সেটিও ঠিক করতে চাবি চাওয়া হয়েছে। সব মিলিয়ে এক সপ্তাহেই সংস্কার করা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত