মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-তে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণে গত রবিবার ‘ফ্রেশার্স ডে ২০২৬’ অনুষ্ঠিত হয়। রাজধানীর এমআইএসটি ক্যাম্পাসের শহীদ ইয়ামিন অডিটরিয়ামে এ অনুষ্ঠানে অংশ নেন নবাগত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। চলতি শিক্ষাবর্ষে এমআইএসটির ১৫টি বিএসসি ইঞ্জিনিয়ারিং, সায়েন্স ও আর্কিটেকচার বিভাগে মোট ৯৫৫ জন শিক্ষার্থী ভর্তি হন, যাদের মধ্যে ১৩৩ জন সামরিক বাহিনীর সদস্য।
অনুষ্ঠানে দুজন বর্তমান শিক্ষার্থী তাদের শিক্ষাজীবনের অভিজ্ঞতা তুলে ধরেন এবং নবাগত শিক্ষার্থীদের মধ্য থেকেও কয়েকজন তাদের অনুভূতি ব্যক্ত করেন। এ সময় অভিভাবকরাও প্রতিষ্ঠানের প্রতি তাদের সন্তোষ ও আস্থার কথা প্রকাশ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। তিনি নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং শৃঙ্খলা, অধ্যবসায় ও সৃজনশীলতার মাধ্যমে তাদের ভবিষ্যৎ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। লেখাপড়ার পাশাপাশি রোবোটিক্স, সাইবার সিকিউরিটি, অ্যারোনটিক্স, বিতর্ক, সাহিত্য ও সাংস্কৃতিক কার্যক্রমসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে নেতৃত্বের গুণাবলি অর্জন ও ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান ইউজিসি চেয়ারম্যান। অনুষ্ঠানে এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. হাকিমুজ্জামানসহ এমআইএসটির বিভিন্ন ফ্যাকাল্টির ডিন ও বিভাগীয় প্রধান, ফ্যাকাল্টি সদস্য, স্টাফ অফিসাররা উপস্থিত ছিলেন।