শিবির নেতা জিসান সুস্থ, ছাড়পত্র দিল হাসপাতাল

আপডেট : ১৭ জুন ২০২৬, ০৭:১০ এএম

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রশিবির নেতা জিসান মিয়া প্রধানকে চার দিন পর ছাড়পত্র দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণে তিনি সুস্থ বলে বিবেচিত হওয়ায় গতকাল মঙ্গলবার দুপুরে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ শাহজাহান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে বিকেল পর্যন্ত আদালতে হাজির করা হয়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লার দাউদকান্দির এক বিধবা নারীর করা ধর্ষণ ও ভ্রূণ নষ্ট করার অভিযোগে মামলায় গত শুক্রবার রাতে জিসানকে গ্রেপ্তার দেখানো হয়। তবে অসুস্থতার কারণ দেখিয়ে তিনি হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। এ সময় তাকে আদালতে পাঠানো হয়নি। জিসানের শারীরিক অবস্থা নিয়ে প্রশ্ন ওঠায় গত রবিবার চার সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করে হাসপাতাল কর্তৃপক্ষ। বোর্ডের সদস্যরা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর ‘সুস্থ’ উল্লেখ করে সোমবার প্রতিবেদন জমা দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত