চার সাংবাদিকের নামে মামলা

আপডেট : ১৭ জুন ২০২৬, ০৭:১০ এএম

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে ভুয়া, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে দায়ের করা এক মামলায় ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’ পত্রিকার প্রকাশক-সম্পাদকসহ চারজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে আদালত। গত রবিবার বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলি আদালতে বগুড়া প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ মো. তানভীর আলম বাদী হয়ে মামলাটি করেন। শুনানি শেষে আদালত অভিযোগটি আমলে নিয়ে মামলাটি এজাহার হিসেবে গ্রহণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দেয়।

মামলার আসামিরা হলেন দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রকাশক ও সম্পাদক মেহেদী হাসান, বার্তা সম্পাদক আশরাফ আলী ফারুকী, প্রতিবেদক সালেহ কায়সার ও বগুড়া প্রতিনিধি শামস।

অভিযোগে উল্লেখ করা হয়, গত ১২ জুন বগুড়া প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে দেওয়া প্রতিমন্ত্রীর বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করে সামাজিক মাধ্যমে “সাংবাদিক ছিলেন দাবি করে এবার সাংবাদিকদের উপদেশ দিলেন ‘রাস্তাকান্ডে’ বিতর্কিত প্রতিমন্ত্রী মীর শাহে আলম” শিরোনামে একটি পোস্ট দেওয়া হয়। এ ছাড়া ১৩ জুন প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে প্রতিমন্ত্রীকে নিয়ে উসকানিমূলক, বিভ্রান্তিকর ও মানহানিকর মন্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় বলেও অভিযোগে বলা হয়েছে।

বাদী মো. তানভীর আলম তার আবেদনে উল্লেখ করেন, বিবাদীরা কোনো ধরনের নির্ভরযোগ্য তথ্য-প্রমাণ ছাড়াই উদ্দেশ্য প্রণোদিতভাবে এসব তথ্য প্রচার করেছেন। এর ফলে সংশ্লিষ্ট ব্যক্তিদের সুনাম ক্ষুণœ হওয়ার পাশাপাশি জনমনে বিভ্রান্তি ও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। মামলায় বাংলাদেশ দন্ডবিধির ৫০০, ৫০১, ৫০৪ ও ১০৯ ধারায় অপরাধ সংঘটনের অভিযোগ আনা হয়েছে। প্রাথমিক শুনানি শেষে আদালত মামলাটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত