আদ্-দ্বীনের লাইসেন্স বাতিল করে ভুল করিনি : স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ১৭ জুন ২০২৬, ০৭:১১ এএম

ছয় নবজাতকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত ভুল হয়নি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘অবহেলায় ছয় নবজাতকের মৃত্যু ঘটবে আর তাদের কোনো শাস্তি হবে না, তা হতে পারে না।’ গতকাল সকালে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে হাম  চিকিৎসাসংক্রান্ত ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট গাইডলাইন উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

গত কোরবানির ঈদের আগের দিন ২৭ মে সকালে ওই হাসপাতালের পোস্ট  ডেলিভারি ওয়ার্ডে একে একে ছয় নবজাতক মারা যায়। এ ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পায়।

মন্ত্রী বলেন, ‘আমরা লাইসেন্সটা বাতিল করেছি। আমি মনে করি না কোনো ভুল সিদ্ধান্ত নিয়েছি।’ তিনি বলেন, ‘ঈদের মধ্যে (গত ঈদুল আজহা) বাড়িতে থাকায় তাৎক্ষণিকভাবে সেখানে (আদ্-দ্বীন হাসপাতাল) যেতে পারিনি। তবে পরে সেখানে গিয়ে দেখি, ওই রুমে কোনো জানালা নেই, একটি মাত্র দরজা। ছয় নবজাতকের সঙ্গে একটি ছোট রুমে ২৫ জনকে রাখা হয়েছে। সেখানে স্বাভাবিকভাবেই অক্সিজেনের পরিমাণ কমে গেছে। আর বাচ্চারা মারা গেছে।’ স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘সেখানে ওই সময় কোনো ডাক্তার, নার্স ছিল না। যারা ছিল তারাও বাচ্চাদের মায়েদের কথার গুরুত্ব দেয়নি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত