মণিরামপুরে যানজটের ৭শ’ মিটার সড়ক যেন গলার কাঁটা

আপডেট : ১৭ জুন ২০২৬, ১২:২১ পিএম

যশোরের মণিরামপুরে দুই লেনের আঞ্চলিক মহাসড়ক থাকলেও তীব্র যানজট যেন নিত্য দিনের ঘটনা। এই সড়কটি রাজারহাট-চুকনগর মহাসড়কের মণিরামপুর পৌরশহরের রাজগঞ্জ মোড় হতে উত্তর মাথায় অবস্থিত একটি সিনেমা হল পর্যন্ত ৭শ মিটার জায়গার অবস্থান।

যানজট জনদুর্ভোগে রাজগঞ্জ মোড যেন গলার কাঁটা হয়ে দেখা দিয়েছে। জায়গাটি প্রশস্ত করা ও পৌরশহরে ফুটপাত তৈরি ও ট্রাফিক ব্যবস্থার দাবি করেছে পৌর-উপজেলাবাসী।

জানা যায়, ২০১৯ সালে রাজারহাট-চুকনগর মহাসড়কটি দুই লেনে উন্নীত হলেও জমি অধিগ্রহণ ও বরাদ্দকৃত অর্থ জটিলতার কারণে পৌরশহরের রাজগঞ্জ মোড হতে পূরবী সিনেমার পর্যন্ত ৭শ মিটার রাস্তা প্রশস্ত করা যায়নি।

রাজারহাট-চুকনগরের মহাসড়কের সাথে মনিরামপুর পৌর শহরের প্রাণ কেন্দ্র যেখানে রাজগঞ্জ রোড যুক্ত হওয়ায় এই রাজগঞ্জ মোড়ে প্রতিদিন কয়েক ঘন্টা তীব্র যানজটের কবলে যানবাহন ও সাধারণ মানুষ চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়। 
শনি ও মঙ্গলবার এ দুইদিন মণিরামপুরে হাট বসে। ফলে পথচারীদের সীমাহীন কষ্ট সহ্য করতে হচ্ছে। বিশেষ করে পৌর শহরে রাস্তায় ফুটপাত না থাকায় মানুষের চলাচল যেন থমকে যায়। সকালে স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ অফিস ও বাজারে চলাচলকারী মানুষ চরম দুর্ভোগের শিকার হয়। পৌর শহরের ৭শ মিটার রাস্তা প্রশস্ত করতে ব্যর্থ হওয়ায় বিষয়টি নিয়ে নানা সমালোচনার মূখে পড়ে তৎকালিন প্রতিপ্রন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। এরপর যানজট নিরসনে বাইপাস সড়ক নির্মাণের উদ্যোগ নেয়া হয়। কিন্তু কাজটি এলজিইডি এবং সড়ক ও জনপদ বিভাগের দায়িত্ব জটিলতায় থমকে গেলেও পরবর্তীতে সওজের আওতায় চলে যায়।

সওজ যশোর অঞ্চলের উপবিভাগীয় প্রকৌশলী আলাউর রহমান জানান, মণিরামপুরে বাইপাস সড়ক নির্মানের ২শ ৭ কোটি টাকার প্রস্তাবনা সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট গাজী এনামুল হক ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনেই এই ৭শ মিটার সড়ক নির্মাণের গুরুত্ব তুলে ধরেন। পৌরবাসীর দাবি যানজট নিরসনে রাজগঞ্জ মোড় এ ট্রাফিক ব্যবস্থা ও ফুটপাত নির্মাণ করলে তুলনামূলকভাবে সাধারণ মানুষের চলাচলে কিছুটা স্বস্তি আসতে পারে, যদিও ৭শ মিটার রাস্তা প্রশস্ত করার বিকল্প কিছুই হতে পারে না এমনই মন্তব্য সচেতন পৌরবাসীর। মণিরামপুর পৌর শহরে ফুটপাত নির্মাণের বিষয় জানতে চাইলে পৌর সভার প্রকৌশলী উত্তম মজুমদার বলেন, আমাদের ফুটপাত তৈরির জন্য প্রয়োজনীয় জায়গা নেই, আর ফুটপাত তৈরি করার পরিকল্পনা চলতি বাজেটেও নেই, রোর্ডেস জায়গা পেলে ফুটপাত তৈরি করা যেতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত