আলিবাবা ডটকমের যাত্রা শুরু চট্টগ্রামে

আপডেট : ২২ জুন ২০২৬, ০৭:০৫ পিএম

বাংলাদেশে আলিবাবা ডটকমের অনুমোদিত চ্যানেল পার্টনার স্প্রিংফিল্ড করপোরেশন চট্টগ্রামে নতুন অফিস উদ্বোধন করেছে। এর মাধ্যমে দেশের রপ্তানিকারক, উৎপাদক, সরবরাহকারী ও ব্যবসায়ীদের বৈশ্বিক বাজারে যুক্ত হতে ডিজিটাল বাণিজ্য সেবা আরও সহজলভ্য করা হবে।

নতুন এই চট্টগ্রাম অফিসটি মূলত আঞ্চলিক উদ্যোক্তাদের সহায়তা বৃদ্ধির লক্ষ্য নিয়ে স্থাপন করা হয়েছে, যারা আলিবাবা ডটকমের গ্লোবাল বিজনেস-টু-বিজনেস (বিটুবি) প্ল্যাটফর্ম ব্যবহার করে আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে যোগাযোগ স্থাপন ও রপ্তানি সম্প্রসারণ করতে চান।

আলিবাবা ডটকম বর্তমানে বিশ্বের প্রায় ২০০টি দেশ ও অঞ্চলের ক্রেতা ও বিক্রেতাদের সংযুক্ত করছে বলে জানানো হয়েছে।

প্রাথমিকভাবে এই উদ্যোগে অগ্রাধিকার দেওয়া হবে টেক্সটাইল ও পোশাক খাতকে। পরবর্তীতে জুট, চামড়া, লাইট ইঞ্জিনিয়ারিং, হস্তশিল্পসহ অন্যান্য রপ্তানিমুখী খাতেও সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আলিবাবা ডটকমের পাকিস্তান ও বাংলাদেশ অঞ্চলের জেনারেল ম্যানেজার সামার, গ্লোবাল বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের সিনিয়র স্পেশালিস্ট ভ্যানিয়া, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার ব্রাইস, সার্ভিস অ্যান্ড অ্যাকাউন্ট ম্যানেজার টিনা, বাংলাদেশ চ্যানেল ম্যানেজার সোনোবার মাইরা উপস্থিত ছিলেন।

এছাড়া স্প্রিংফিল্ড করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. ফয়জুল আলম, নির্বাহী পরিচালক শান শাহেদ, কনসালট্যান্ট সাজিদ বিন সুলাইমান, ডেপুটি জেনারেল ম্যানেজার রেজবি করিম, সহকারী মহাব্যবস্থাপক উম্মে রোকেয়া নিশা এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, চট্টগ্রাম অফিসটি আঞ্চলিক ব্যবসায়ীদের জন্য বৈশ্বিক বাণিজ্যের সুযোগ আরও সহজ করবে এবং বাংলাদেশের রপ্তানি খাতকে ডিজিটাল বাণিজ্যের মাধ্যমে শক্তিশালী করবে।

স্প্রিংফিল্ড করপোরেশন জানায়, এই উদ্যোগ দেশের ব্যবসায়ীদের আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং বৈশ্বিক ডিজিটাল অর্থনীতিতে বাংলাদেশের অংশগ্রহণ আরও গতিশীল করবে।

তারা আরও জানায়, এই পদক্ষেপ ডিজিটাল রূপান্তরকে ত্বরান্বিত করবে, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির নতুন সুযোগ তৈরি করবে এবং স্থানীয় উদ্যোক্তাদের জন্য বৈশ্বিক বাণিজ্যের দরজা আরও উন্মুক্ত করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত