চট্টগ্রামের চন্দনাইশে নিখোঁজের পাঁচ দিন পর বুধবার সকালে মোহাম্মদ ইয়াছিন (১২) নামে হিফজ বিভাগের এক ছাত্রকে উদ্ধার করেছে চন্দনাইশ থানা পুলিশ।
সে চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড উত্তর হাসিমপুর সৈয়দাবাদ বহদ্দার পাড়া এলাকার হোসেন আহম্মদের ছেলে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার দেওয়ানহাট পাঠানিপুল সাইমন হোটেল থেকে ছাত্রটিকে উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মোহাম্মদ ইয়াছিন চন্দনাইশ পৌরসভার মোহাম্মদীয়া আহমদীয়া হেফজখানা ও এতিমখানার হিফজ বিভাগের ছাত্র ছিল। গত ১৯ জুন মোহাম্মদ ইয়াছিন বাড়ি থেকে হিফজখানায় যাওয়ার কথা বলে বের হয়ে হিফজখানায় আর যায়নি। কোথাও খুঁজে না পেয়ে চন্দনাইশ থানায় গত ২১ জুন রাতে একটি জিডি করেন তার মা শাহীন আক্তার (৪২)।
গত ২১ জুন রাতে চট্টগ্রাম জেলা সুপার মো. মাসুদ আলম বিপিএম ও আনোয়ারা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসানের নির্দেশনায় চন্দনাইশ থানার ওসি এস এম দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে একাধিক পুলিশের টিম নিখোঁজ ছাত্র উদ্ধারে মাঠে নামেন এবং পাশ্ববর্তী বিভিন্ন উপজেলায় অভিযানে পরিচালনা করা হয়।
বুধবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার দেওয়ানহাট পাঠানিপুল সাইমন হোটেল থেকে নিখোঁজ ছাত্রটিকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর ওই ছাত্রকে তাঁর পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে। ছাত্রর মা শাহীন আক্তার ও বড়ভাই মো. রিয়াদ নিখোঁজ ছেলেকে খুঁজে পাওয়ায় চন্দনাইশ থানার ওসি ও সংশ্লিষ্ট সবার কাছে সন্তোষ প্রকাশ করেন।
চন্দনাইশ থানার ওসি এস এম দিদারুল ইসলাম সিকদার জানান, নিখোঁজের ৫দিন পর হিফজ বিভাগের এক ছাত্রকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।