আসন্ন এইচএসসি পরীক্ষার সময় পরীক্ষাকেন্দ্রে যদি কোনো শিক্ষার্থীর কাছে নকল পাওয়া যায় তাকে আইনের আওতার পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান বা কেন্দ্রপ্রধানকেও আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে গতকাল বুধবার আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে ঢাকা শিক্ষা বোর্ড, ময়মনসিংহ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২ জুলাই শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটলে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তিনি আরও বলেন, পরীক্ষকদের মূল্যায়ন নিশ্চিত করতে এলোমেলোভাবে উত্তরপত্র পুনরায় যাচাই করা হবে। কোনো পরীক্ষক সঠিকভাবে খাতা মূল্যায়ন না করলে বা অনিয়মের প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ সময় শিক্ষামন্ত্রী জানান, ২০২৭ সাল থেকে এসএসসি পরীক্ষা জানুয়ারি মাসে অনুষ্ঠিত হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান, ঢাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আক্তারুজ্জামান প্রমুখ।