সংসদে বাজেট আলোচনা

কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে বিতর্ক

আপডেট : ২৫ জুন ২০২৬, ০২:১৬ এএম

জাতীয় সংসদে পবিত্র কোরআনের একটি আয়াতের ব্যাখ্যা নিয়ে বিতর্ক হয়েছে। পরে বিষয়টিকে ‘স্পর্শকাতর’ হিসেবে ব্যাখ্যা করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘ভুল ব্যাখ্যা হয়ে থাকলে তা কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হবে।’

গতকাল বুধবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নেন কক্সবাজার-২ আসনের বিএনপির সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ। বাজেটকে ‘জনস্বস্তির বাজেট’ হিসেবে বর্ণনা করে সরকারি দলের এ সদস্য বাজেট নিয়ে বিরোধী দলের সমালোচনায় পবিত্র কোরআনের সুরা ইব্রাহিমের ৭ নম্বর আয়াত তিলাওয়াত করেন। যে আয়াতের অর্থ, ‘যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো, তাহলে আমি অবশ্যই তোমাদের জন্য (আমার নিয়ামাত) বৃদ্ধি করে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও (তবে জেনে রেখো, অকৃতজ্ঞদের জন্য) আমার শাস্তি অবশ্যই কঠিন।’ এই আয়াতের আলোকে সংসদ সদস্য বিরোধী দলের উদ্দেশে বক্তব্য রাখলেও আয়াতের অনুবাদ সংসদে পড়ে শোনাননি। তার বক্তব্য শেষ হওয়ার পর পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে পাবনা-১ আসনের সংসদ সদস্য নজিবুর রহমান মোমেন আপত্তি জানিয়ে বলেন, ‘কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা, কোরআন হাদিসের এরকম অবমাননাকর বিষয়গুলো আমাদের কোনোভাবে করা যাবে না। এ ব্যাপারে আপনার দৃষ্টি আকর্ষণ করছি, মাননীয় স্পিকার।’

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ একজন পুরনো সংসদ সদস্য। আমার মনে হয় না যে কোরআন হাদিস নিয়ে তিনি কোনো ব্যঙ্গাত্মক কমেন্ট করতে পারেন।’ তবে বক্তব্য পরীক্ষা করে দেখার আশ্বাস দিয়ে স্পিকার বলেন, ‘যদি কোনো ধরনের ভুল ব্যাখ্যা দেওয়া হয় কোরআন হাদিসের, সেটা ‘এক্সপাঞ্জড’ হবে।’

এরপর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দাঁড়িয়ে আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহকে মাদ্রাসা শিক্ষিত ও আলেম হিসেবে তুলে ধরে বলেন, ‘...যেটা উনি বলেছেন, সেইটা প্রসঙ্গক্রমে বলেছেন। আমরা যদি আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাদেরকে আরও বাড়িয়ে দেন। যদি শুকরিয়া আদায় না করি... আল্লাহ আজাব বাড়িয়ে দিতে পারেন।’

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর স্পিকার আবার বলেন, ‘বিষয়টি নিয়ে সংসদে বিতর্ক চলুক, তা তিনি চান না।’ তখন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান বক্তব্য দিতে চাইলে স্পিকার বলেন, বিতর্ক সৃষ্টি হয় এমন কিছু না তুলতে।

পরে মুজিবুর রহমান বলেন, ‘আয়াতটি নাজিল হওয়ার প্রেক্ষাপট হচ্ছে আল্লাহতাআলা অগণিত নেয়ামত পৃথিবীতে রেখেছেন। তিনি বলেছেন ... তোমরা যদি আল্লাহ নেয়ামতকে গুনতে চাও তাহলে গুনে শেষ করতে পারবে না।’

এক পর্যায়ে স্পিকার তাকে থামিয়ে দিতে চাইলে মুজিবুর রহমান কথা শেষ করতে চান। তিনি বলেন, ‘বাজেটটা খুব ভালো হয়েছে, অতএব বিরোধী দলকে বাজেটের প্রশংসা করতে হবে। এটা যদি প্রশংসা না করে, তার আজাব আসবে, এইদিকে নিয়ে গেছেন উনি। এই কথাটা মোটেও সঠিক না।’

এরপর আলমগীর মুহাম্মদ ফরিদের বক্তব্যের প্রসঙ্গে চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, ‘তিনি ব্যঙ্গ করে বলেছেন কি না, তা তার কাছেই জানতে চাওয়া যেতে পারে।’

তিনি ওই বিষয়ে আলোচনা শেষ করার জন্য স্পিকারের প্রতি আহ্বান জানান। পরে আবার বাজেট আলোচনায় ফিরে যান স্পিকার।

প্রধানমন্ত্রীকে নির্যাতনের ঘটনার বিচার দাবি : গত ১/১১-এর সরকারের সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর যে নির্যাতন হয়েছে, সে ঘটনার মুখোশ উন্মোচন এবং বিচার দাবি করেছেন সংরক্ষিত মহিলা আসনের বিএনপির সংসদ সদস্য শাম্মী আক্তার। গতকাল প্রস্তাবিত বাজেটের ওপর  সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন ‘প্রধানমন্ত্রী বলেছেন তার মেরুদ-ের হাড়টি বাঁকা হয়ে জোড়া লেগেছে। তিনি প্রতিশোধ নিতে চান না। প্রতিহিংসা এবং প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করেন না, এটি থেকে তিনি বেরিয়ে আসতে চান। এটি অবশ্যই দেশের জন্য, রাজনীতির জন্য ইতিবাচক। কিন্তু প্রতিশোধ নয়, আমরা বিচার চাই। আমরা চাই ১/১১-এর সরকারের সময়ে তার ওপরে যে নির্যাতন সংঘটিত হয়েছে, এই ঘটনার মুখোশ উন্মোচন করা হোক এবং এই ঘটনার আমি বিচার দাবি করছি। বিচার যদি না হয়, তাহলে পরবর্তীতে এই ঘটনা আবারও পুনরাবৃত্তি ঘটতে পারে বলে আমি আশঙ্কা প্রকাশ করছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত