ইরান যুদ্ধের কৌশল ও ব্যয় নিয়ে সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (২৪ জুন) রিপাবলিকান আইনপ্রণেতাদের সঙ্গে এক বৈঠকে নিজ দলের সিনেটর বিল ক্যাসিডির সঙ্গে তার তুমুল বাকবিতণ্ডা হয়েছে বলে জানিয়েছেন বৈঠকে উপস্থিত কয়েকজন সদস্য।
ক্যাসিডির অভিযোগ, গত সপ্তাহে ট্রাম্প প্রশাসন ইরানের সঙ্গে যে কাঠামোগত চুক্তি করেছে, তাতে তেহরানকে আর্থিক সুবিধা দেওয়া হলেও যুদ্ধ শুরুর সময় ঘোষিত লক্ষ্যগুলোর অনেকটাই পূরণ হয়নি। এ বিষয়ে প্রশাসনের আরও স্পষ্ট ব্যাখ্যা দেওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
বৈঠক শেষে সাংবাদিকদের ক্যাসিডি বলেন, 'আমেরিকান জনগণকে আরও বেশি তথ্য জানানো উচিত। পরিস্থিতি আমাদের যেভাবে বলা হয়েছিল, সেভাবে এগোচ্ছে বলে মনে হচ্ছে না।'
এ ঘটনার পর ইরানের সঙ্গে সংঘাত বন্ধের আহ্বান জানানো একটি প্রস্তাব ঠেকাতে সিনেটে গভীর রাতে ভোটের আয়োজন করে রিপাবলিকান নেতৃত্ব। ভোটে ৫০-৪৭ ব্যবধানে প্রস্তাবটি নাকচ হয়ে যায়।
পরে সামাজিক মাধ্যমে ট্রাম্প বলেন, 'এই ভোট ইরানের জন্য একটি বার্তা।'
বিশ্লেষকদের মতে, আসন্ন নভেম্বরের কংগ্রেস নির্বাচনের আগে ইরান যুদ্ধ ট্রাম্প ও রিপাবলিকান দলের ওপর রাজনৈতিক চাপ বাড়িয়ে তুলেছে। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, মাত্র এক-চতুর্থাংশ মার্কিন নাগরিক মনে করেন, যুদ্ধের জন্য যে মূল্য দিতে হয়েছে তা সার্থক ছিল।
এদিকে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প সিনেটের সমালোচনা করে বলেন, 'ইরান এসব দেখে প্রশ্ন তুলবে, 'এটা আবার কী?' বাস্তবে এর কোনো অর্থ নেই।'