ঢাবিতে ১০৩৩ কোটি টাকার বাজেট, গবেষণায় বরাদ্দ নেই!

আপডেট : ৩০ জুন ২০২৬, ০৩:০০ এএম

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জন্য ১ হাজার ৩৩ কোটি ২১ লাখ ৮৩ হাজার টাকার বাজেট প্রস্তাব দেওয়া হয়েছে। এর মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ৯৪৯ কোটি ৩৬ লাখ টাকা দিলেও গবেষণা খাতে কোনো বরাদ্দ দেয়নি। গতকাল সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সিনেটের বার্ষিক অধিবেশনে প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে এসব তথ্য জানান কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বাজেট বই থেকে জানা যায়, ২০২৬-২৭ অর্থবছরে বিশ্ববিদ্যালয়ের মোট অর্থ বরাদ্দের চাহিদা ছিল ১ হাজার ৪২২ কোটি ৬৩ লাখ ৯০ হাজার টাকা। তবে চাহিদা অনুযায়ী বরাদ্দ না পাওয়ায় বাজেট নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩৩ কোটি ২১ লাখ ৮৩ হাজার টাকা। এর মধ্যে ইউজিসির বরাদ্দ ৯৪৯ কোটি টাকা এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় ধরা হয়েছে ৮৫ কোটি ৩৬ লাখ ৩৮ হাজার টাকা।

এবার মোট চাহিদার তুলনায় অর্থের সংস্থান হয়েছে মাত্র ৬৬ দশমিক ৭৩ শতাংশ। ফলে এই অর্থবছরে ৮৩ কোটি ৮৫ লাখ ৪৫ হাজার টাকার আর্থিক ঘাটতি থাকবে। অন্যদিকে চলতি ২০২৫-২৬ অর্থবছরে বিশ্ববিদ্যালয়ের মোট চাহিদা ছিল ১ হাজার ৩৩৫ কোটি ৮২ লাখ টাকা। কিন্তু প্রয়োজনীয় বরাদ্দ না পাওয়ায় সংশোধিত বাজেট নির্ধারণ করা হয় ১ হাজার ৩৯ কোটি ৫ লাখ ৯৩ হাজার টাকা, যা মোট চাহিদার প্রায় ৭৭ দশমিক ৭৮ শতাংশ। ওই অর্থবছরে ইউজিসির বরাদ্দ ও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় মিলিয়ে মোট অর্থের পরিমাণ ছিল ৯৮৩ কোটি ৯৯ লাখ ৯৩ হাজার টাকা। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় ছিল মাত্র ৮০ কোটি টাকা। চলতি অর্থবছরে গবেষণা খাতে বরাদ্দ ছিল ২১ কোটি ৫৭ লাখ টাকা, যা মোট বাজেটের ২ দশমিক ৮ শতাংশ।  

বাজেট উপস্থাপনকালে কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পর্যাপ্ত অর্থায়নের অভাবে গবেষণা খাতে প্রয়োজনীয় বিনিয়োগ নিশ্চিত করা যাচ্ছে না। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে গবেষণা খাতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে কোনো বরাদ্দ পাওয়া যায়নি, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য দুঃখজনক। তিনি তুলনামূলক তথ্য তুলে ধরে বলেন, বর্তমানে গবেষণা ও উন্নয়ন খাতে বাংলাদেশের ব্যয় জিডিপির প্রায় শূন্য দশমিক ৩ শতাংশ। অথচ ভারতে এ হার প্রায় শূন্য দশমিক ৬৪ শতাংশ, ভিয়েতনামে শূন্য দশমিক ৪ শতাংশের বেশি, চীনে প্রায় ২ দশমিক ৬ শতাংশ এবং দক্ষিণ কোরিয়ায় ৪ শতাংশেরও বেশি। ফলে প্রতিবেশী দেশগুলোর শীর্ষ গবেষণা বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে আন্তর্জাতিক মানের গবেষণায় প্রতিযোগিতা করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য দিন দিন কঠিন হয়ে পড়ছে।

বাজেটে গবেষণায় বরাদ্দ নেই বিষয়ে ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, আমরা যদি বিশ্ববিদ্যালয়ের বাজেটের দিকে দেখি ২০২৫-২৬ সেশনে দেওয়া হয়েছিল ৯৭৩ কোটি টাকা ও সেখানে গবেষণায় বরাদ্দ ছিল মাত্র ২ শতাংশ। আর এ বছর জানতে পারলাম বাজেটে এ খাতে কোনো বরাদ্দ দেওয়া হয়নি। এটা আমাদের কাছে একটা লজ্জার বিষয়। তিনি বলেন, ২০২৪-২৫ সেশনের বাজেটে গবেষণায় বরাদ্দ দেওয়া হয়েছিল ২০ কোটি ৬০ লাখ টাকা আর পাওয়া গেছে মাত্র ১৩ কোটি ৪১ লাখ টাকা। আর এ বছর বাজেটে গবেষণায় বরাদ্দ ছিল ২১ কোটি ৫৭ লাখ টাকা আর মার্চ পর্যন্ত পাওয়া গেছে মাত্র ১ কোটি ২৪ লাখ টাকা। এই বিশ্ববিদ্যালয় প্রশাসন আমার জন্য যে বাজেট বরাদ্দ সেটাই বের করে আনতে পারে না আর আমরা বলছি আমরা বাজেট পাচ্ছি না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত