প্রথমবারের মতো রাজস্ব বোর্ডে কর্মরত কোনো কর্মকর্তাকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হলো। বর্তমান চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের স্থলাভিষিক্ত করা হয়েছে আহসান হাবিবকে। তিনি এনবিআরের সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ) হিসেবে দায়িত্বরত ছিলেন। গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে তাকে আগামী এক বছরের জন্য এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
এর আগে তিনি কর অঞ্চল-১৫-এর কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে সংস্থার সিআইসির মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় দেশের শীর্ষ ১০ ব্যবসায়ী গোষ্ঠী ও প্রভাবশালী রাজনীতিবিদদের অর্থ পাচার ও কর ফাঁকি অনুসন্ধান শুরু করেন। অনলাইন গেমিং প্ল্যাটফর্ম ‘উল্কাগেমস’ থেকে বকেয়া বিপুল পরিমাণ কর আদায়ে মুখ্য ভূমিকা রাখেন। এ ছাড়া বিদেশে পাচারকৃত ৪০ হাজার কোটি টাকার সম্পদ শনাক্ত করেন। বর্তমানে বিসিএস (ট্যাক্সেশন) অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বও পালন করছেন তিনি।
আহসান হাবিব ঢাকা বিশ্ববিদ্যালয় ভূতত্ত্ব বিভাগ থেকে স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। স্নাতকোত্তর পরীক্ষায় তিনি প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেছেন। পরবর্তীতে ১৫তম বিসিএস (কর) ক্যাডারের জাতীয় মেধাতালিকায় দ্বিতীয় স্থান অর্জন করে সরকারি চাকরিতে যোগ দেন। এ ছাড়া বিসিএস (কর) একাডেমির বিভাগীয় প্রশিক্ষণে প্রথম স্থান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার প্রশিক্ষণে এ প্লাস এবং বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) ফাউন্ডেশন কোর্সেও এ প্লাস অর্জন করেন।
কর্মজীবনে কর নিরীক্ষা, ট্রান্সফার প্রাইসিং, কর মূল্যায়ন, তদন্ত, গোয়েন্দা কার্যক্রম, কর ব্যবস্থার ডিজিটাল রূপান্তর, ই-ফাইলিং ও ই-পেমেন্টসহ বিভিন্ন বিষয়ে ভারত, মালয়েশিয়া, ফিলিপাইন ও ইউরোপে প্রশিক্ষণ গ্রহণ করেছেন তিনি। পাশাপাশি যুক্তরাষ্ট্র, চীন, থাইল্যান্ড, ভিয়েতনাম, হংকং, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য ও সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে সরকারি সফর ও পেশাগত কার্যক্রমে অংশ নেন। এ ছাড়া আহসান হাবিব দুর্নীতি দমন কমিশন, বিসিএস (কর) একাডেমি, ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এবং বাংলাদেশ কম্পিউটার সমিতিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়মিত রিসোর্স পারসন হিসেবে দায়িত্ব পালন করছেন।