মেহেরপুর ফের হাতবোমা ও চিরকুট উদ্ধার, এলাকায় আতংক 

আপডেট : ০১ জুলাই ২০২৬, ১০:৪২ এএম

মেহেরপুরের গাংনী উপজেলার কসবা গ্রামের কৃষক রজবের বাড়ির গেটে চিরকুট এবং হাতবোমা রেখে গেছে দূর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় আতংক তৈরি হয়েছে।

আজ বুধবার (১ জুলাই) সকালে বোমা ও চিরকুটটি দেখতে পেয়ে গাংনী থানা পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে সকাল আটটার দিকে ঘটনাস্থল থেকে সেটি উদ্ধার করে নিরাপত্তার জন্য পানিভর্তি বালততিতে রাখে পুলিশ।

ফেলে রেখে যাওয়া চিরকুটে লেখা আছে ‘দেয়াল দিচ্ছি রাসতা পাস দিএ, পানি নামতে না দিলে বোমা মেড়ে মেরে ফেলব, দল এখন পাওয়ারে, বেঁচে থাকতে কথা শন’।

গাংনী থানার তদন্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, কসবা গ্রামের মোল্লাপাড়া এলাকার কৃষক রজব আলীর ছেলে স্কুল শিক্ষক আক্কাস আলীর বাড়ির সিঁড়ি ঘরের নিচে লালকসটেপ মোড়ানো হাতবোমা ও চিরকুটটি রেখে গেছে দূর্বৃত্তরা। সেটি উদ্ধার করা হয়েছে।

এদিকে সম্প্রতি গাংনী উপজেলার পৃথক আট স্থান থেকে প্রায় ২০ টি বোমা ও হুমকি সংবলিত চিরকুটটি উদ্ধার করা হয়। এসব ঘটনায় এলাকায় আতংক তৈরি হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত