ওয়েব ফিল্ম নয়, সিনেমা দিয়ে ফিরছেন অপু

আপডেট : ০২ জুলাই ২০২৬, ১২:৪৮ পিএম

চিত্রনায়িকা অপু বিশ্বাস দীর্ঘদিন ধরেই অভিনয়ের বাইরে। চলতি বছরের শুরুতে ‘শিকার’ নামের একটি ওয়েব ফিল্মের মাধ্যমে অভিনয়ে ফেরার কথা ছিল তার। ঘোষণার পর নানা কারণে পিছিয়ে যাওয়া ফিল্মটি এবার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবেই নির্মিত হতে যাচ্ছে। এ মাসেই শুরু হচ্ছে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা। এটি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। 

নির্মাতা কামরুজ্জামান রোমান জানান, প্রি-প্রোডাকশনের কাজ শেষ হতে সময় লাগায় মার্চে শুটিং শুরু করা সম্ভব হয়নি। প্রস্তুতি সম্পন্ন হওয়ায় চলতি মাসের মাঝামাঝি থেকে দৃশ্যধারণ শুরু হবে। ওয়েব ফিল্মের পরিবর্তে সিনেমা নির্মাণের সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি বলেন, প্রি-প্রোডাকশনের সময় বাজেট, গল্প ও শিল্পীদের বিষয় বিবেচনা করে মনে হয়েছে, ‘শিকার’ বড় পর্দার জন্যই বেশি উপযোগী। পরে প্রযোজনা প্রতিষ্ঠান রেজা ফিল্মস-এর সঙ্গে আলোচনা করে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। নির্মাতা জানান, সিনেমাটির অধিকাংশ দৃশ্যের শুটিং হবে নেপালে। এ জন্য শুটিং ইউনিট এ মাসের মাঝামাঝি দেশটিতে যাবে। 

ইতিমধ্যে সিনেমার একটি গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। ‘দুজন মিলে বাঁচব এক জীবন’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও ন্যান্সি। গানটির কথা লিখেছেন কবির বকুল, আর সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমরান। এ ছাড়া আকাশ মাহমুদের সুরে আরও একটি আবেগঘন গানের রেকর্ডিংও সম্পন্ন হওয়ার কথা রয়েছে। সীমান্তবর্তী এলাকার গল্প নিয়ে নির্মিত থ্রিলারধর্মী এই সিনেমায় অপু বিশ্বাসকে দেখা যাবে এক গ্ল্যামারাস চরিত্রে। নির্মাতার ভাষ্য, গল্পই হবে সিনেমাটির সবচেয়ে বড় শক্তি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত