মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফরম পূরণের টাকা জমা দেওয়ার পরও প্রবেশপত্র না পাওয়ায় ভোগান্তিতে পড়েন শ্রীমঙ্গল রেসিডেন্সিয়াল গার্লস মডেল স্কুল অ্যান্ড কলেজের ৯ এইচএসসি পরীক্ষার্থী।
বৃহস্পতিবার (২ জুলাই) পরীক্ষার প্রথম দিন উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন,কেন্দ্র কর্তৃপক্ষ ও সিলেট শিক্ষা বোর্ডের হস্তক্ষেপে ৮ জন নিয়মিত ও একজন অনিয়মিত পরীক্ষার্থী বিশেষ অনুমতিতে পরীক্ষায় অংশ নেন।
শিক্ষার্থীদের অভিযোগ, কয়েক মাস আগে নিয়ম অনুযায়ী ফরম পূরণের টাকা জমা দিলেও পরীক্ষা শুরুর আগ পর্যন্ত তারা এডমিট কার্ড পাননি। পরীক্ষার দিন প্রবেশপত্র ছাড়া কেন্দ্রে গেলে প্রথমে তাদের পরীক্ষায় অংশ নিতে বাধা দেওয়া হয়। পরে বিষয়টি জানাজানি হলে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান শিক্ষা বোর্ডের সঙ্গে যোগাযোগ করে পরীক্ষায় অংশ নেওয়ার ব্যবস্থা করেন।
তবে শিক্ষার্থীদের দাবি, প্রায় দেড় ঘণ্টা বিলম্বে পরীক্ষায় বসানো হলেও অতিরিক্ত সময় দেওয়া হয় মাত্র ২০ মিনিট। ফলে অনেক প্রশ্নের উত্তর সম্পূর্ণ করতে পারেননি তারা।
ভুক্তভোগী শিক্ষার্থী তানিয়া আক্তার বলেন, রমজান মাসেই ফরম পূরণের টাকা দিয়েছি। বারবার যোগাযোগ করেও প্রবেশপত্র পাইনি।
শ্রীমঙ্গল রেসিডেন্সিয়াল গার্লস মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অসিত রঞ্জন পাল জানান, যে ৯ শিক্ষার্থীর প্রবেশপত্র ইস্যু হয়নি, বিষয়টি আগে জানা ছিল না আজ জানতে পেরেছি। তারা কম্পিউটার অপারেটরের কাছে ফরম পূরণের টাকা জমা দিয়েছিল। ইউএনও এবং সিলেট শিক্ষা বোর্ডের সহযোগিতায় তাদের পরীক্ষায় অংশগ্রহণের ব্যবস্থা করা হয়েছে।
তিনি বলেন, এ দায় কম্পিউটার অপারেটরের, পাশাপাশি প্রতিষ্ঠান আর প্রধান হিসেবে আমারও দায় রয়েছে। শিক্ষা বোর্ডের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। দ্রুত তাদের প্রবেশপত্র সরবরাহের চেষ্টা চলছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান বলেন,খবর পেয়ে তাৎক্ষণিকভাবে কেন্দ্রে গিয়ে বিষয়টি খতিয়ে দেখি। পরে সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের সঙ্গে কথা বলে শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করা হয়। জেলা প্রশাসন, শিক্ষা বোর্ড ও কেন্দ্র কর্তৃপক্ষের সমন্বিত প্রচেষ্টায় তারা পরীক্ষায় অংশ নিতে পেরেছে। অভিযোগের বিষয়টিও তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।