কোস্টারিকার টরটুগুয়েরো ন্যাশনাল পার্কের কাছে গত ২ বছর আগে ধরা পড়েছিল এক বিরল কমলা রঙের হাঙর। সামুদ্রিক জীববিজ্ঞান বিষয়ক আন্তর্জাতিক জার্নাল মেরিন বায়োলজিতে সম্প্রতি প্রকাশিত ছবিতে এ হাঙরকে ঘিরে দারুণ আলোড়ন সৃষ্টি হয়েছে। বিজ্ঞানীদের দাবি, এটাই প্রথমবার কোনো হাঙরকে এমন উজ্জ্বল কমলা রঙে দেখা গেছে। প্যারিসিমা ডোমাস ডেই নামে একটি পর্যটন সংস্থার সঙ্গে কিছু জেলেরা মাছ ধরতে গিয়ে হাঙরটিকে দেখতে পান। সমুদ্রের প্রায় ৩৭ মিটার গভীরে এবং ৩১.২ ডিগ্রি সেলসিয়াস পানির তাপমাত্রায় পাওয়া গিয়েছিল ওই হাঙর। ছবি তুলে আবার সাগরে ছেড়ে দেওয়া হয় প্রাণীটিকে।
বিশেষজ্ঞদের মতে, হাঙরটির এ অদ্ভুত রঙ এসেছে দুটি বিরল জিনগত সমস্যার কারণে অ্যালবিনিজম ও জ্যানথিজম, যা জ্যানথোক্রোমিজম নামেও পরিচিত। এ অবস্থায় মেলানিন উৎপাদনে প্রভাব পড়ে। বিজ্ঞানীরা সতর্ক করেছেন, এ ধরনের অস্বাভাবিক রঙ শিকারিদের কাছে হাঙরটিকে সহজেই দৃশ্যমান করে তুলতে পারে, ফলে এর টিকে থাকার ঝুঁকি বাড়তে পারে। গবেষকদের অভিমত, এ আবিষ্কার স্থানীয় নার্স হাঙরের জিনগত বৈচিত্র্য সম্পর্কে আরও বড় প্রশ্ন উত্থাপন করতে পারে।
জ্যানথিজম প্রাণিজগতে অত্যন্ত বিরল, যা আগে কিছু মাছ, সরীসৃপ ও পাখিতে দেখা গিয়েছিল। এই হাঙ্গর শুধু গবেষকই নয়, প্রাণিজগৎ সম্পর্কে যারা আগ্রহী তাদেরও আকৃষ্ট করেছে। এ নিয়ে চলছে বহুমাত্রিক গবেষণা-পর্যালোচনা। গবেষকরা জানিয়েছেন, ‘হাঙরের শরীরে এ ধরনের বিরল রঙের অস্বাভাবিকতা জিনগত না পরিবেশগত কারণে হচ্ছে, তা জানতে আরও গবেষণা প্রয়োজন।’