বঙ্গতে ‘আলাল দুলাল’

আপডেট : ০৬ জুলাই ২০২৬, ০৪:১৬ এএম

পপগুরু আজম খানের বহুল আলোচিত ‘আলাল ও দুলাল’ গান শোনেননি এমন শ্রোতা কমই আছে। সরল কথায় তিনি পুরান ঢাকার এক গল্প তুলে ধরেছিলেন গানটিতে। যা কালের সীমানা পেরিয়ে এখনো মানুষের মনে গেঁথে আছে। আর এই জনপ্রিয়তা পুঁজি করেই একই নামে এবার বানানো হয়েছে নাটক। তবে পরিচালক জানান, আজম খানের ‘আলাল দুলাল’ নয়, এটা স্রেফ কল্পিত গল্পের চরিত্র। এ নামে নাটকটি বানিয়েছেন ইমরান ইমন। চলতি সপ্তাহেই নাটকটি অবমুক্ত করেছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ। নাটকের নাম ভূমিকায় আছেন জনপ্রিয় আ খ ম হাসান ও সাইদুর রহমান পাভেল। মুক্তির পর থেকে দারুণ সাড়াও পাচ্ছে কমেডি গল্পের নাটকটি। আপন দুই ভাই আলাল ও দুলালের পৈতৃক সম্পত্তির অভিনব ভাগ-বাটোয়ারা নিয়েই এর গল্প। বড় ভাই আলালের নানা কূটচাল আর চতুরতায় বোকা দুলাল সবসময়ই ঠকতে থাকে। কিন্তু সহজ-সরল দুলাল কি এভাবেই আজীবন ঠকবে, নাকি নিজের অধিকার বুঝে নিতে সেও ঘুরে দাঁড়াবে? উত্তর মিলবে নাটকের শেষে।

পরিচালক ইমরান ইমন বলেন, ‘আলাল ও দুলাল চরিত্র আমাদের সমাজের খুব চেনা দুটি রূপ। এই গল্পে আমরা পৈতৃক সম্পত্তি নিয়ে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব ও বোকামির মাঝে লুকিয়ে থাকা অসংগতিগুলো হাস্যরসের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। রিলিজের পর থেকে দর্শকরা যেভাবে নাটকটি উপভোগ করছেন এবং সাড়া দিচ্ছেন, তা সত্যিই আনন্দের।’

মানব মিত্রের রচনা ও চিত্রনাট্যে আবর্তিত এই গল্পে পাভেল এবং আ খ ম হাসান ছাড়াও আরও অভিনয় করেছেন মার্শিয়া শাওন, সামিহা আক্তার, শাওন মজুমদার, খায়রুল আলম টিপুসহ একঝাঁক অভিনয়শিল্পী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত