দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর চলমান দিনগুলো যেন কাটছে অনেকটা রূপকথার মতোই। তার মধ্যে সদ্য শেষ হওয়া জুন মাসটি যেন মধুর হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন এই তারকা। মা হতে যাওয়ার আনন্দের মাঝেই সামাজিক যোগাযোগমাধ্যমে জুনের কিছু চমৎকার মুহূর্তের ছবি ও ভিডিও ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘জুন মাসটি একটি রূপকথার মতো লেগেছে।’ তার এই পোস্টে বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডেসহ মন্তব্য করেছেন আরও তারকারা। সামান্থার শেয়ার করা ছবিগুলোর মধ্যে একটিতে তাকে একটি সুন্দর আইভরি রঙের ঐতিহ্যবাহী পোশাকে দেখা গেছে।
আরেকটি ছবিতে তিনি তার দুটি পোষা কুকুরের সঙ্গে বিছানায় আরাম করছেন। এর পাশাপাশি নিজের ফিটনেস ধরে রাখার একটি ভিডিও-ও তিনি শেয়ার করেছেন, যেখানে জিম করার সময় তার ‘বেবি বাম্প’ স্পষ্ট দেখা যাচ্ছিল। পুরো আয়োজনে সামান্থার শরীরচর্চা, প্রকৃতির মধ্যে সময় কাটানো, প্রিয় বই ও খাবারের ছবির পাশাপাশি আরও কিছু ছবি ছিল, যেখানে তার সঙ্গে দেখা গেছে তার স্বামী ও খ্যাতনামা পরিচালক রাজ নিদিমোরুকে।
সম্প্রতি নিজের নতুন সিনেমা ‘মা ইন্টি বাঙ্গারাম’-এর সাফল্যের পর আয়োজিত এক অনুষ্ঠানে সামান্থা নিজেই তার মা হতে যাওয়ার সুখবরটি ভক্তদের জানান। তিনি বলেছেন, ‘এই সিনেমার পর আমার শারীরিক অবস্থার কারণে আমাকে ছোট্ট একটি বিরতি নিতে হবে। মাতৃত্বকালীন ছুটির পর আমি আবারও নতুন সিনেমা নিয়ে আমার ভক্তদের মধ্যে ফিরে আসব।’
কয়েকদিন আগেই এই সিনেমার একটি অনুষ্ঠানে সাদা টপস ও নীল জিন্স পরা সামান্থার কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, যা দেখে ভক্তরা তার মা হতে যাওয়ার আঁচ পেয়েছিলেন। জানা গেছে চলতি বছরের ডিসেম্বরেই সামান্থা ও রাজের ঘরে নতুন অতিথি আসছে। ব্যক্তিগত জীবনে সামান্থা গত বছরের ডিসেম্বরে পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।