চেনা ছন্দে স্পর্শিয়া

আপডেট : ০৬ জুলাই ২০২৬, ০৪:১৮ এএম

অনেকদিন আগেই শোবিজের সঙ্গে সম্পৃক্ত মডেল-অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। বিজ্ঞাপন, নাটক ও চলচ্চিত্র অভিনয়ের সব মাধ্যমেই মুগ্ধতা ছড়ালেও ব্যক্তিজীবনে নানা ঝক্কি-ঝামেলার কারণে বারবার হোঁচট খেয়েছে তার ক্যারিয়ার। তবুও ভেঙে না পড়ে নিজেকে বারবার প্রমাণ করেছেন বিভিন্ন চরিত্রে। একসময় নাটকে প্রচুর কাজ করলেও এখন কমিয়ে দিয়েছেন। মাঝে বিরতি নিয়ে আবার ফিরেছেন অভিনয়ে। কেবল মানসম্মত গল্পেই দেখা মিলছে তার। গত কোরবানি ঈদে একগুচ্ছ নাটকে দেখা গেছে তাকে। প্রত্যেকটি নাটকেই ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তিনি। যেগুলোর সাড়া এখনো পাচ্ছেন দর্শক মহলে।

ঈদের পর ফের লাইট-ক্যামেরায় ফিরেছেন স্পর্শিয়া। শুরু করেছেন বহুল আলোচিত সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন সিজনের শুটিং। এই সিরিজে যুক্ত হওয়ার সিদ্ধান্তটা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, অনেক দিন ধরেই ইচ্ছা ছিল একটু ভিন্ন ঘরানার কাজ করার। একটু ফান-কমেডি বা হালকা কিছু করতে, যাতে আরও বেশি দর্শকের সঙ্গে যুক্ত হওয়া যায়। এমন সময় ‘ব্যাচেলর পয়েন্ট’-এর প্রস্তাব আসে। কাজটি করার সিদ্ধান্তই নিই। এতে অভিনয় বেশ উপভোগ করছি। ইতিমধ্যে ধারাবাহিকটির স্পর্শিয়া অভিনীত পর্ব প্রচার হয়েছে। তাতে স্পর্শ চরিত্রে দেখা গেছে অভিনেত্রীকে। চরিত্রটির জন্য ভালো সাড়া পেয়েছেন বলে জানান তিনি।

তরুণ এই মডেল-অভিনেত্রী জানান, আগের মতো অভিনয়ে তার আহামরি ব্যস্ততা নেই। দর্শক ও নির্মাতাদের কাছে তার গ্রহণযোগ্যতা থাকলেও খুবই কম কাজ করছেন তিনি। প্রায়ই কাজের প্রস্তাব পেলেও সব গল্প, চরিত্রই মনে ধরে না তার। কম হলেও মানসম্মত কাজে নিজেকে সচল রাখতে চান বলেই অভিনয়ে কম দেখা যায় বলে জানান তিনি। নতুন কাজের পরিকল্পনা নিয়ে স্পর্শিয়া বলেন, অভিনয়ের মাধ্যমে আমি মানুষের গল্প বলতে চাই। বাস্তব চরিত্রে আরও বেশি কাজের ইচ্ছা আছে আমার। সমাজে যে গল্প আছে, সেগুলো পর্দায় তুলে ধরতেই আমার বেশি আগ্রহ।

‘প্যারাসুট’ তেলের বিজ্ঞাপন দিয়ে অভিনয় শুরু স্পর্শিয়ার। ক্যারিয়ারে দেড় দশক পার করেছেন তিনি। এই পথচলার উপলব্ধি নিয়ে অভিনেত্রী বলেন, নাটক-সিনেমাসহ নানা জায়গায় কাজ করেছি। দেখতে দেখতে দেড় দশক পার হয়ে গেছে। এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকাটা সত্যিই কঠিন। আমি সৌভাগ্যবান এখনো টিকে আছি, কাজ করছি। এটাই আমার জীবনের বড় সাফল্য।

ক্যারিয়ারে নাটকের পাশাপাশি কয়েকটি চলচ্চিত্রে কাজ করেছেন স্পর্শিয়া। নিয়ামুল হাসান মুক্তা পরিচালিত ‘কাঠবিড়ালি’, অনন্য মামুনের ‘আবার বসন্ত’ ও ‘নবাব এলএলবি’ চলচ্চিত্রে অভিনয় করে দারুণ প্রশংসিত হয়েছেন তিনি। গ্রহণযোগ্যতা পেলেও চলচ্চিত্রে নিয়মিত নন এই অভিনেত্রী। দীর্ঘদিন ধরে নেই বড় পর্দায়। স্পর্শিয়া বলেন, মূলত ব্যাটে-বলে মেলেনি বলেই সিনেমায় দেখা যাচ্ছে না। সিনেমা মানেই কিন্তু বিশাল কিছু। সেই বিশালতায় যদি একসঙ্গে সবকিছু না ঘটে, তা হলে তো শুধু করার জন্য সিনেমা করা ঠিক হবে না। সিনেমার গল্প অনেক পেয়েছি। যেগুলো পেয়েছি তা করার চেয়ে না করাই উত্তম মনে হয়েছে। তবে সামনে দারুণ কিছু গল্পের সিনেমায় দেখা যাবে আশা করছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত