লাক্স চ্যানেল আই সুপারস্টার আজমেরী হক বাঁধন। কাজ করছেন আস্তে ধীরে। কিন্তু যে কাজই করছেন সেই কাজই সমাদৃত হচ্ছে দর্শক ও নির্মাতা মহলে। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত এই অভিনেত্রী ‘রেহানা মরিয়ম নূর’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে আন্তর্জাতিকভাবে আলোচনায় আসেন। ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমাটি এখনে বিশ্বের বিভিন্ন দেশে প্রশংসার সঙ্গে প্রদর্শিত হচ্ছে। বাঁধন বলেন, ‘জীবন কখনোই আমার জন্য সহজ ছিল না। কিন্তু একটা জিনিস আমি কখনো জীবনকে আমার কাছ থেকে কেড়ে নিতে দিইনি সেটা হলো সামনে এগিয়ে যাওয়ার সাহস। আমি হার না মানার সিদ্ধান্ত নিয়েছি, আর কখনোই মানব না।’
তিনি জানান, দীর্ঘদিন ত্বকের অসম রঙ ও ফ্রেকলসের কারণে নিজের প্রকৃত মুখ দেখাতে সংকোচ বোধ করতেন। তাই ফিল্টার, ক্যামেরার অ্যাঙ্গেল ও দ্বিধার আড়ালে নিজেকে লুকিয়ে রাখতেন। তবে এখন আর নিজেকে লুকিয়ে রাখতে চান না। সাবেক এই লাক্স তারকার ভাষ্য, ‘জীবনের প্রতিটি দাগ, ফ্রেকল ও ক্ষতচিহ্ন তার বেচে থাকা, লড়াই করা এবং প্রতিনিয়ত নিজেকে গড়ে তোলার সাক্ষী। সুন্দর হতে নিখুঁত হওয়ার প্রয়োজন নেই, বরং নিজের প্রকৃত সত্তাকে সাহসের সঙ্গে গ্রহণ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
বাঁধন জানান, এটি একদিনে অর্জিত কোনো অনুভূতি নয়; বরং প্রতিদিন নিজের সেই অংশগুলোকেও গ্রহণ করার নাম, যেগুলো একসময় লুকিয়ে রাখতে চেয়েছিলেন। নিজেকে ভালোবাসার প্রতি মনোযোগী এই অভিনেত্রীর চিন্তাধারা এমনই, ‘নিজেকে ভালোবাসা মানে একদিন ঘুম থেকে উঠে নিজের সবকিছু হঠাৎ ভালোবেসে ফেলা নয়। বরং প্রতিদিন সচেতনভাবে সেই অংশগুলোকেও আপন করে নেওয়া, যেগুলো একসময় মরিয়া হয়ে লুকিয়ে রাখতে চেয়েছিলাম।’