কক্সবাজারের উখিয়ার ৫নং রোহিঙ্গা ক্যাম্পে আজ বুধবার (৮ জুলাই) বিকাল সাড়ে ৩ টায় রোহিঙ্গা ক্যাম্প ৫ এর এ/৩ ব্লকের খদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসা ও হেফজখানায় পাহাড়ধসে পড়েছে।
এতে চাপা পড়ে ৫ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো অন্তত ২০ জন শিক্ষার্থী নিখোঁজ রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
নিখোঁজদের উদ্ধারে বর্তমানে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করছে।
স্থানীয়দের তথ্যমতে, মাদ্রাসাটিতে প্রায় ৪০ জন শিক্ষার্থী ছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান।
তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ শুরু করেছে। ঠিক কতজন নিখোঁজ তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।
ক্যাম্প ৫ এর হেড মাঝি আব্দুল হামিদ বলেন, টানা ভারী বর্ষণের কারণে বিকাল সাড়ে ৩ টায় হঠাৎ মাদ্রাসা সংলগ্ন পাহাড়টি ধসে পড়ে। এতে অনেক শিশু শিক্ষার্থী মাটি চাপা পড়ে।
১৪ এপিবিএনর অধিনায়ক ডিআইজি মোহাম্মদ সিরাজ আমিন বলেন, হতাহতদের নাম ঠিকানা এখনো জোগাড় করা সম্ভব হয়নি। অভিযান শেষ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।