দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। মৃতদের দুজন নারী, একজন পুরুষ। একজন খুলনা, একজন বরিশাল ও একজন ঢাকা উত্তর সিটি করপোরেশন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দুই নারী একজনের বয়স ৩৬-৪০, আরেকজনের বয়স ৭১ থেকে ৭৫ বছর এবং পুুরুষের বয়স ৩৬-৪০ বছর। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে ২২ জনের মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু নিয়ে ২৫১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে বরিশাল বিভাগে বিভিন্ন হাসপাতালে (সিটি করপোরেশনের বাইরে) ৬৬, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪০, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৯, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৪, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩৩, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪০, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৫, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২ এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২ জন ভর্তি হয়েছেন। এ ছাড়া ২৪ ঘণ্টায় ১৯৯ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭ হাজার ৫৫৭ জন। এর মধ্যে ৬১ দশমিক ৪ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ৬ শতাংশ নারী ।
চলতি বছরের জানুয়ারিতে ২, ফেব্রুয়ারিতে ২, মে মাসে ১, জুনে ১৩ এবং জুলাইয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এর আগের বছর ২০২৫ সালের ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মৃত্যু হয় ৪১৩ জনের।