চট্টগ্রামের চন্দনাইশে গাছবাড়িয়া খাঁনহাট জমজম ফার্মেসি ও জমজম ইউনিক ফ্যাশন এবং তানহা ফ্যাশনে একরাতে তিন দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে ওইসব দোকান থেকে নগদ টাকাসহ মূল্যবান পণ্য সামগ্রী লুটে নিয়েছে চোর চক্র।
বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে সিসিটিভি ভিডিও অনুযায়ী এই চুরির ঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শন করেছে চন্দনাইশ থানা পুলিশ।
চোরের দল তাদের দোকানের ক্যাশ বাক্স থেকে নগদ টাকা নিয়ে গেছে বলে দাবি করেন ভুক্তভোগী দোকানের মালিকেরা।
জমজম ফার্মেসি স্বত্বাধিকারী আবদুল্লাহ আল হারুন ও জমজম ইউনিক ফ্যাশনের স্বত্বাধিকারী মোহাম্মদ কুতুব উদ্দিন জানান, তাদের দোকান থেকে নগদ টাকা ও মালামাল চুরি করে নিয়ে গেছে।
গাছবাড়িয়া খাঁনহাট ব্যবসায়ী সমিতির সভাপতি নজরুল ইসলাম আবদুল ও সাধারণ সম্পাদক মো. আবু ছৈয়দ চৌধুরী বলেন, খবর পেয়ে দুর্ধর্ষ চুরির ঘটনায় আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে আইনী পদেক্ষপ নেওয়া হবে।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পাওয়ার সাপেক্ষে চুরির ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।