ইংল্যান্ডই ফেভারিট, চাপ ওদের ওপরই থাক: হালান্ড

আপডেট : ১০ জুলাই ২০২৬, ০৩:৫৯ পিএম

ছয় দশকের ট্রফি খরা কাটানোর অলিখিত চাপ পিঠে নিয়ে শনিবার শেষ আটের ম্যাচে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও নরওয়ে। দীর্ঘ ২৮ বছর পর বিশ্ব আসরে ফিরেই তাক লাগিয়ে দেওয়া নরওয়েজিয়ানরা এই ম্যাচে নিজেদের ‘আন্ডারডগ’ হিসেবেই দেখছে। তবে তাদের দলে আছেন এই মুহূর্তের অন্যতম সেরা স্ট্রাইকার আর্লিং হলান্ড, যিনি শেষ ষোলোতে ব্রাজিলের রক্ষণভাগ ভেঙে জোড়া গোলসহ টুর্নামেন্টে ইতিমধ্যে ৭টি গোল করে গোল্ডেন বুটের দৌড়ে আছেন বেশ ভালোভাবেই।

মাঠের লড়াই শুরুর আগেই কথার লড়াইয়ে ইংল্যান্ডকে চাপে রাখছে নরওয়ে। ইংলিশ ফুটবলারদের ওপর সব চাপ ঠেলে দিয়ে হালান্ড হাসিমুখে সংবাদমাধ্যমকে বলেন, ‘এই ম্যাচে ইংল্যান্ডই পরিষ্কার ফেভারিট, তাই সব চাপ তাদের ওপরই থাকা উচিত।’ কেবল হালান্ডই নন, দলটির মিডফিল্ডার ক্রিস্টিয়ান থরস্টভেটও মনে করেন চাপটা আসলে প্রতিপক্ষের ওপরই বেশি। ম্যাচের কৌশল নিয়ে থরস্টভেট বলেন, ‘এই ম্যাচে আমাদের হারানোর কিছু নেই। তবে আমাদের এমন কিছু ব্যক্তিগত দক্ষতাসম্পন্ন খেলোয়াড় আছে, যারা ম্যাচের বড় মুহূর্তগুলো একাই নির্ধারণ করতে পারে। যখন দুটি ভালো দল মুখোমুখি হয়, তখন এই ছোট ছোট মুহূর্তগুলোই জয়ের নায়ক তৈরি করে দেয়।’

নরওয়ের এই রূপকথার যাত্রার পেছনে কেবল হালান্ড বা মার্টিন ওডেগার্ডের ব্যক্তিগত নৈপুণ্য নয়, বরং পুরো স্কোয়াডের মধ্যকার চমৎকার বন্ধন বড় ভূমিকা রাখছে। দলের ভেতরের এই রসায়ন নিয়ে আরেক মিডফিল্ডার মর্টেন থরসবি বলেন, ‘আমাদের দলে কোনো নেতিবাচক পরিবেশ নেই। আমরা দীর্ঘ সময় ধরে একসাথে খেলছি এবং আমাদের বোঝাপড়া দারুণ। এই ঐক্যই আমাদের মাঠে সেরা পারফর্ম্যান্স দিতে সাহায্য করছে।’ 

ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার সুবাদে প্রতিপক্ষের শক্তি-দুর্বলতা হালান্ডের যেমন চেনা, তেমনি ম্যানচেস্টার সিটির সাবেক সতীর্থ জন স্টোন্সও জানিয়েছেন, তারা হলান্ডকে সমীহ করলেও নিজেদের ডিফেন্সের ওপর পূর্ণ আস্থা রাখছেন।

অধিনায়ক হ্যারি কেইনের নেতৃত্বে ইংল্যান্ডের আক্রমণভাগও সমানে সমান। টুর্নামেন্টে ইতিমধ্যে ৬টি গোল করা কেন এবং মাঝমাঠের জুড বেলিংহ্যাম যেকোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে প্রস্তুত। নকআউট পর্বে স্বাগতিক মেক্সিকোকে ১০ জন নিয়ে হারানোর দুর্দান্ত আত্মবিশ্বাস থাকলেও, লাল কার্ডের নিষেধাজ্ঞায় ডিফেন্ডার জ্যারেল কুয়ানসার অনুপস্থিতি অবশ্য কোচ থমাস টুখেলকে কিছুটা ভাবনায় ফেলবে। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত