ইরানের সঙ্গে চুক্তি এখনো সম্ভব : ট্রাম্প

হরমুজে দুই ট্যাংকারে হামলা

আপডেট : ১৫ জুলাই ২০২৬, ০৭:১৬ এএম

যুদ্ধের অবসান ঘটাতে ইরানের সঙ্গে একটি চুক্তি এখনো সম্ভব বলে মনে করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল মঙ্গলবার বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্থানীয় সময় গত সোমবার হোয়াইট হাউজের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। পাশাপাশি ইরানের জাহাজের ওপর পুনরায় যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ বহাল করা হচ্ছে বলে ঘোষণা দিয়েছেন তিনি। এই প্রণালি দিয়ে যাতায়াত করা সব পণ্যবাহী জাহাজের ওপর ২০ শতাংশ টোল আদায় করা হবে বলেও জানিয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন জানিয়ে, ইরানে আবারও সীমিত সামরিক অভিযান শুরুর বিষয়টি দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ট্রাম্প।

সম্প্রতি হরমুজ প্রণালিতে একাধিক বাণিজ্যিক জাহাজে হামলা চালায় ইরান। ওই ঘটনার জবাবে গত কয়েক দিন ইরানের বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। পাল্টা জবাবে উপসাগরীয় দেশগুলোতে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। ইরানের সঙ্গে চুক্তি প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধের অবসান ঘটাতে ইরানের সঙ্গে একটি চুক্তি এখনো সম্ভব। আমি মনে করি, অবশ্যই সম্ভব।’ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আরও বলেন, দুদিন আগেও আমাদের সঙ্গে তাদের একটি চুক্তি হওয়ার কথা ছিল। কিন্তু পরে তারা জানায়, তারা এখনই  চুক্তি করতে পারছে না। তারা জানায়, বিষয়টি নিয়ে আরও আলোচনা করতে হবে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে সংঘাত শুরুর পর হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিয়েছিল ইরান। যুক্তরাষ্ট্র পাল্টা দাবি করে জোর দিয়ে বলেছিল, এই প্রণালি খোলা আছে। তারপরই ট্রাম্প জানালেন, যুক্তরাষ্ট্র এই জলপথে নৌ-অবরোধ পুনর্বহাল করতে চলেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত