পাকিস্তানে ভারী বৃষ্টিতে বাড়ির ছাদ ধসে ১১ মৃত্যু

আপডেট : ১৫ জুলাই ২০২৬, ০৭:৩৩ এএম

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টির কারণে কাঁচা বাড়ির ছাদ ধসে ১১ জন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার পুলিশ ও উদ্ধারকারী কর্মকর্তারা এ তথ্য জানান বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন। প্রাদেশিক জরুরি পরিষেবার কর্মকর্তা বিলাল ফাইজি বলেন, খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাত জেলায় সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে। তিনি জানান, দুর্ঘটনাটি ঘটনার সময় ওই বাড়িতে একটি শিশুর জন্মদিন উদযাপনের জন্য স্বজন ও প্রতিবেশীরা জড়ো হয়েছিলেন। এ সময় প্রবল বৃষ্টির কারণে হঠাৎ ছাদ ধসে পড়ে এবং অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন।

খবর পেয়ে উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। ধ্বংসস্তূপ থেকে তিনজন আহতকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার গিলগিট-বালতিস্তান অঞ্চলেও ভারী বৃষ্টিপাত হয়েছে। আঞ্চলিক জরুরি পরিষেবা জানিয়েছে, এতে ভূমিধসের কারণে বেশ কয়েকটি সড়ক বন্ধ হয়ে গেছে এবং অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিধস ও আকস্মিক বন্যার ঝুঁকি বেড়ে যাওয়ায় সরকার পর্যটকদের উত্তর পাকিস্তানে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। পাকিস্তানে বর্ষা মৌসুমে প্রায়ই ভারী বৃষ্টির কারণে বন্যা ও ভূমিধস দেখা দেয়, যা প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির কারণ হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত