দাবানলের লেলিহান শিখায় পুড়ছে ফ্রান্সের রাজধানী প্যারিসের দক্ষিণের ঐতিহাসিক ফন্তেইনব্ল্যু বনাঞ্চল। গতকাল মঙ্গলবার বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইতিমধ্যে ১৩০০ হেক্টর (প্রায় ৩১৪০) একর বনাঞ্চল আগুনে গ্রাস হয়েছে। গত রবিবার প্যারিস থেকে ৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত বনটিতে আগুনের সূত্রপাত হয়। ফরাসি কর্মকর্তারা এই আগুনকে ‘অত্যন্ত মারাত্মক’ ও ‘অস্বাভাবিক মাত্রার’ বলে বর্ণনা করেছেন। বনটি একসময় রাজকীয় শিকার ক্ষেত্র ছিল, যার চারপাশে বর্তমানে অসংখ্য শান্ত গ্রাম রয়েছে।
তীব্র তাপপ্রবাহের মধ্যে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা প্যারিস অঞ্চলে চরম বিপর্যয় ও দুর্ভোগ ডেকে এনেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে দেশটির প্রশাসন দক্ষিণ অঞ্চলে তৎপরতা জোরদার করেছে। আগুন নেভাতে নজিরবিহীন উদ্যোগের অংশ হিসেবে চারটি কানাডাএয়ার উড়োজাহাজ, দুটি ড্যাশ উড়োজাহাজ ও তিনটি পানি-বোমা নিক্ষেপে সক্ষম হেলিকপ্টার মোতায়েন করা হয়। দিনভর উড়োজাহাজ থেকে ও স্থলপথে দমকল বাহিনী আগুনের শিখা নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টা চালায়।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লঁরে নুনেজ জানান, গত সোমবার বিকেল নাগাদ প্রায় ১ হাজার ২০০ হেক্টর (প্রায় ৩ হাজার একর বা প্রায় ৮ হাজার ৯০০ বিঘা) বনাঞ্চল পুড়ে যায়। তিনি আরও জানান, বিকেলে আরও একটি দাবানলের সূত্রপাত হলে আরও ১০০ হেক্টর জমি পুড়ে যায়। ফন্তেইনব্ল্যু ও আশপাশের এলাকা থেকে প্রায় ১ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেন মন্ত্রী। ফায়ার সার্ভিসের কর্মীরা ওই এলাকার আরও বেশ কয়েকটি শহরকে আগুনের গ্রাস থেকে রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সর্বশেষ দাবদাহের ফলে ফ্রান্সের উত্তরাঞ্চলেও দাবানলের সূত্রপাত হয়; যদিও ওই এলাকায় দাবানল বেশ বিরল।
উদ্ধার কার্যক্রমের কমান্ডার জঁ-মার্ক সিকার্ড সোমবার সন্ধ্যায় জানান, মোট ১৮৭ বার আকাশ থেকে পানি ঢালা হয়েছে। ৬০০ দমকলকর্মী আগুন নেভাতে রাতভর কাজ করে গেছেন। কমান্ডার আরও জানান, এখনো আগুন ছড়িয়ে পড়ছে। আবহাওয়ার পরিস্থিতি এখনো ‘খুব একটা অনুকূল নয়’ বলে মত দেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী নুনেজ জানান, কেউ ইচ্ছা করে আগুনের সূত্রপাত ঘটিয়েছে কি না, সেটা খতিয়ে দেখা হচ্ছে। ১ হাজার মিটারের মধ্যে মোট ১০টি অবস্থান থেকে একই সঙ্গে আগুন জ¦লে ওঠে। বিষয়টি সন্দেহজনক। কেউ ইচ্ছা করে আগুনের সূত্রপাত ঘটিয়ে থাকতে পারেন, যোগ করেন তিনি। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দাবানলের কবলে ফ্রান্সে ২৫ হাজার হেক্টর জমি পুড়ে গেছে।