অপারেশনের সময় নবজাতকের হাত ভাঙার অভিযোগ

আপডেট : ১৬ জুলাই ২০২৬, ০৭:৪০ এএম

গাজীপুরের শ্রীপুরে একটি বেসরকারি হাসপাতালে অপারেশন থিয়েটারে প্রসূতি মায়ের অপারেশনের সময় সদ্য নবজাতকের হাত ভাঙার অভিযোগ উঠেছে। স্বজনদের অভিযোগ অদক্ষ চিকিৎসক আর মানহীন যন্ত্রপাতি ব্যবহারের ফলে এ ঘটনাটি ঘটেছে। ঘটনাটি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে দিয়েছে স্বাস্থ্য বিভাগ। সোমবার শ্রীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাঘমারা এলাকার আল আরাফ হাসপাতালে (প্রা.) এ ঘটনাটি ঘটে।

গতকাল বুধবার গাজীপুর জেলা সিভিল সার্জন ডা. মামুনুর রহমান তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন। সাত কর্মদিবসে তদন্ত রিপোর্ট দিতে বলা হয়েছে।

স্থানীয়রা জানান, ১৩ জুলাই সোমবার দুপুরে আল-আরাফ হাসপাতালে এক গর্ভবতী নারীর অপারেশনের মাধ্যমে মেয়ে শিশুর জন্ম হয়। শিশু জন্মের পর স্বজনরা টের পান শিশুর ডান হাত বাঁকা। এ সময় তারা খোঁজ নিয়ে দেখেন শিশুর হাতটি ভেঙে গেছে কোনো কারণে। পরে তারা দ্রুত শিশুটিকে অন্যত্র চিকিৎসার জন্য নিয়ে যান।

তদন্ত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (গাইনি ও অবস) ডা. কুহু মুৎসুদী। অন্য সদস্যরা হলেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাবরিনা মোহনা ও কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (অর্থোপেডিক সার্জন) ডা. মোহাম্মদ শরীফ হোসেন। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

নবজাতকের পরিবারের দাবি, অভিজ্ঞ চিকিৎসকের নাম ব্যবহার করা হলেও অপারেশন থিয়েটারে অদক্ষ ব্যক্তির মাধ্যমে অস্ত্রোপচার সম্পন্ন করা হয়। আল আরাফ হাসপাতালের ব্যবস্থাপক নাঈদ আহাম্মেদ বলেন, আমাদের এখানে মেয়ে শিশুর জন্ম হয়। পরে হাতে সমস্যা ধরা পড়লে দ্রুত উত্তরা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখন শিশু বেশ ভালো আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত