মিয়ামিতে গ্রেপ্তার বিতর্কিত ইনফ্লুয়েন্সার অ্যান্ড্রু টেট ও ট্রিস্টান টেট

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ১১:১৯ এএম

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামিতে শনিবার (১৮ জুলাই) গ্রেপ্তার হয়েছেন বিতর্কিত সামাজিক যোগাযোগমাধ্যমের ইনফ্লুয়েন্সার অ্যান্ড্রু টেট এবং তার ভাই ট্রিস্টান টেট। যুক্তরাজ্যে তাদের বিরুদ্ধে ধর্ষণ, যৌন পাচার, যৌন শোষণের উদ্দেশ্যে মানবপাচারে সহায়তা এবং হামলাসহ নতুন অভিযোগে বিচার চালাতে তাদের প্রত্যর্পণের উদ্যোগ নিয়েছে ব্রিটিশ কর্তৃপক্ষ। 

বার্তা সংস্থা এএফপিকে যুক্তরাষ্ট্রের মার্শাল সার্ভিস জানিয়েছে, ৩৯ বছর বয়সী অ্যান্ড্রু টেট ও তার ছোট ভাই ট্রিস্টানকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তারি পরোয়ানা সিলগালা থাকায় তাদের বিরুদ্ধে আনা নির্দিষ্ট অভিযোগ প্রকাশ করা সম্ভব নয় বলে জানিয়েছে সংস্থাটি।

যুক্তরাজ্যের ক্রাউন প্রসিকিউশন সার্ভিস (সিপিএস) এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হওয়া টেট ভাইদের যুক্তরাজ্যে প্রত্যর্পণের আবেদন করা হবে। ব্রিটিশ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, দুই ভাইয়ের বিরুদ্ধে মোট ৫৯টি অভিযোগ রয়েছে। এর মধ্যে অ্যান্ড্রু টেটের বিরুদ্ধে ৪২টি এবং ট্রিস্টান টেটের বিরুদ্ধে ১৭টি অভিযোগ আনা হয়েছে। 

সিপিএসের স্পেশাল ক্রাইম ডিভিশনের প্রধান ম্যালকম ম্যাকহ্যাফি বলেন, নতুন প্রমাণের ভিত্তিতে ধর্ষণ, যৌন শোষণের উদ্দেশ্যে মানবপাচারের ব্যবস্থা বা সহায়তা এবং শিশুদের অশালীন ছবি-সংক্রান্ত অপরাধসহ একাধিক অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন প্রমাণ বেডফোর্ডশায়ার পুলিশের তদন্ত থেকে এসেছে এবং এতে অভিযোগকারী ভুক্তভোগীর সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে।

অ্যান্ড্রু টেট একজন সাবেক কিকবক্সার। পরবর্তীতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বিলাসবহুল জীবনযাপন, অর্থ উপার্জনের কৌশল এবং পুরুষতান্ত্রিক মতাদর্শ প্রচার করে ব্যাপক পরিচিতি পান। তার ভাই ট্রিস্টান টেটও একই ধরনের অনলাইন কনটেন্ট তৈরি করেন এবং বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রমে অ্যান্ড্রুর সহযোগী হিসেবে পরিচিত। তারা দীর্ঘদিন ধরেই নারীবিদ্বেষমূলক বক্তব্য, উগ্র পুরুষতান্ত্রিক ধারণা ছড়ানো এবং তরুণদের মধ্যে নারী সম্পর্কে নেতিবাচক ও আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি উসকে দেওয়ার অভিযোগে ব্যাপক সমালোচিত। এসব কারণে ইউটিউব, টিকটক, ফেসবুক ও ইনস্টাগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের একাধিক অ্যাকাউন্ট অতীতে স্থগিত বা সীমিত করা হয়েছিল। যদিও পরবর্তীতে কিছু প্ল্যাটফর্মে তাদের উপস্থিতি আবারও দেখা যায়।

আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পর টেট ভাইদের যুক্তরাজ্যে প্রত্যর্পণ করা হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট আদালত।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত