দুর্দান্ত সূচনা ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’র

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০১:০৪ পিএম

অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলানের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘দ্য ওডিসি’ মুক্তির পরপরই বক্স অফিসে দারুণ সাফল্য অর্জন করেছে। উদ্বোধনী সপ্তাহান্তেই সিনেমাটি ১২ কোটি ডলারের বেশি আয় করে নোলানের ‘ডার্ক নাইট’ ট্রিলজির বাইরে নির্মিত চলচ্চিত্রগুলোর মধ্যে সর্বোচ্চ উদ্বোধনী আয়ের রেকর্ড গড়েছে।

প্রাথমিক বক্স অফিস হিসাব অনুযায়ী, মুক্তির প্রথম সপ্তাহান্তে ‘দ্য ওডিসি’ ১২০ মিলিয়ন ডলারেরও বেশি আয় করেছে। এর মাধ্যমে এটি ক্রিস্টোফার নোলানের ক্যারিয়ারের অন্যতম সফল উদ্বোধনী চলচ্চিত্রে পরিণত হয়েছে। যদিও ‘দ্য ডার্ক নাইট’ এবং ‘দ্য ডার্ক নাইট রাইজেস’-এর উদ্বোধনী আয় এখনো তার ক্যারিয়ারের শীর্ষে রয়েছে।

তিন বছর আগে ‘ওপেনহাইমার’ দিয়ে বিশ্বজুড়ে প্রশংসা কুড়ানোর পর এবার আরও বৃহৎ পরিসরের এক সিনেমা নিয়ে দর্শকদের সামনে ফিরেছেন নোলান। নির্মাতার ভাষায়, এটি তার ক্যারিয়ারের সবচেয়ে উচ্চাভিলাষী প্রকল্পগুলোর একটি। এর আগে ‘ইনসেপশন’, ‘ইন্টারস্টেলার’ এবং ‘ওপেনহাইমার’-এর মতো আলোচিত চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে তিনি আধুনিক হলিউডের অন্যতম প্রভাবশালী পরিচালক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

গ্রিক কবি হোমারের অমর মহাকাব্য ‘দ্য ওডিসি’ অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রে পৌরাণিক বীর ওডিসিয়ুস-এর দীর্ঘ ও বিপদসংকুল স্বদেশ প্রত্যাবর্তনের কাহিনি তুলে ধরা হয়েছে। ট্রয় যুদ্ধের পর নিজ রাজ্য ইথাকায় ফিরতে তার টানা ১০ বছরের অভিযাত্রা, দেবতা, দানব, যুদ্ধ এবং নানা অলৌকিক ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় গল্পটি।

চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন ম্যাট ডেমন, জেনডায়া, টম হল্যান্ড, অ্যান হ্যাথাওয়েসহ হলিউডের একঝাঁক তারকা। বিশাল বাজেট, অত্যাধুনিক ভিজ্যুয়াল এফেক্ট এবং নোলানের স্বতন্ত্র নির্মাণশৈলী সিনেমাটিকে বছরের সবচেয়ে আলোচিত চলচ্চিত্রগুলোর একটিতে পরিণত করেছে।

মুক্তির আগেই ‘দ্য ওডিসি’ ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়। প্রশংসার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক বিতর্কেও জড়িয়ে পড়ে সিনেমাটি, যা এটিকে বছরের অন্যতম আলোচিত চলচ্চিত্রে পরিণত করেছে।

বিশ্লেষকদের মতে, নোলানের জনপ্রিয়তা, তারকাবহুল অভিনয়শিল্পী, মহাকাব্যিক কাহিনি এবং দর্শকদের প্রবল আগ্রহ সব মিলিয়ে শুরু থেকেই বক্স অফিসে শক্ত অবস্থান তৈরি করেছে ‘দ্য ওডিসি’।

উল্লেখ্য, বর্তমানে ইংরেজি ভাষায় ‘ওডিসি’ শব্দটি দীর্ঘ, চ্যালেঞ্জপূর্ণ ও রোমাঞ্চকর যাত্রার প্রতিশব্দ হিসেবে ব্যবহৃত হয়। শব্দটির উৎপত্তি হোমারের মহাকাব্যের নাম এবং এর কেন্দ্রীয় চরিত্র ওডিসিয়ুস-এর নাম থেকেই। সাহিত্য ও সংস্কৃতিতে এই মহাকাব্যের প্রভাব এতটাই গভীর যে, হাজার বছরেরও বেশি সময় পরও এর কাহিনি নতুন প্রজন্মের কাছে সমানভাবে আকর্ষণীয় হয়ে রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত