যুক্তরাষ্ট্র নামের 'মহাশয়তান' আবারও আসল চেহারা দেখিয়েছে: মুজতবা খামেনি

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০৫:২৭ পিএম

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতবা হোসেইনি খামেনি বলেছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের মধ্যে স্বাক্ষরিত চুক্তি বারবার লঙ্ঘনের মাধ্যমে যুক্তরাষ্ট্র আবারও প্রমাণ করেছে যে মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষরের কোনো মূল্য বা বিশ্বাসযোগ্যতা নেই। তিনি অভিযোগ করেন, আধিপত্যবাদ, জবরদস্তি এবং নির্মমতাই যুক্তরাষ্ট্রের নীতির অবিচ্ছেদ্য অংশ।

ইরানের ফার্স নিউজের বরাতে ইসলামী বিপ্লবের শহীদ নেতার বিশাল জানাজা ও জাতীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে দেওয়া এক বার্তায় খামেনি বলেন, যুক্তরাষ্ট্র, যাকে তিনি 'গ্রেট স্যাটান' বা 'মহাশয়তান' বলে উল্লেখ করেন, আবারও কোনো মুখোশ ছাড়াই তার প্রকৃত চেহারা প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের অপরাধ এবং বারবার প্রতিশ্রুতি ভঙ্গের ঘটনা দেশটির অসততা, অযৌক্তিকতা, অবিশ্বাসযোগ্যতা ও বিদ্বেষপূর্ণ আচরণের নতুন প্রমাণ হিসেবে সামনে এসেছে বলেও মন্তব্য করেন তিনি। 

খামেনি আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি যুদ্ধ উসকে দেওয়া এবং আরও বড় মূল্য ও অপমান বরণ করার পথে এগোতে চায়, তাহলে তাদের জানা উচিত যে ইরানের জনগণ এবং 'অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স' তাদের জন্য এমন শিক্ষা প্রস্তুত করে রেখেছে, যা তারা কখনও ভুলতে পারবে না।

তিনি বলেন, বর্তমান সংকটময় পরিস্থিতিতে সমাজ ও রাষ্ট্রের সব স্তরে এবং সব ক্ষেত্রে জাতীয় ঐক্য ও সংহতি বজায় রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রাধিকার। এর মাধ্যমে ইসলামী বিপ্লবের আদর্শ বাস্তবায়ন এবং বিশেষ করে যুক্তরাষ্ট্রের মতো 'অপরাধী ও প্রতারক শত্রুর' বিরুদ্ধে ইরানের মর্যাদা ও স্বাধীনতা রক্ষা করা সম্ভব হবে।

এছাড়া ইসলামী বিপ্লবের শহীদ নেতার জানাজায় কয়েক কোটি মানুষের অংশগ্রহণকে তিনি ইরানের ইতিহাসে এক নজিরবিহীন গণজাগরণ হিসেবে উল্লেখ করেন। তার ভাষায়, এটি ইরানের ইসলামী-ইরানি পরিচয় এবং জনগণের অবিচল সংকল্পের এক ঐতিহাসিক বহিঃপ্রকাশ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত