১৩ বছরের বেশি সময় আগে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের হত্যা-নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্তের খসড়া প্রতিবেদন হাতে পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। গতকাল রবিবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
অ্যাডভোকেট আমিনুল ইসলাম বলেন, শাপলা চত্বরে যে নারকীয় হত্যাকা- সংঘটিত হয়েছিল, সেই বর্বরোচিত হত্যাকান্ডের বিষয়ে দীর্ঘদিন ধরে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তদন্ত করেছে। তদন্ত শেষে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে একটা খসড়া তদন্ত প্রতিবেদন তারা দাখিল করেছে। সেই খসড়া তদন্ত প্রতিবেদনটি এখন চিফ প্রসিকিউটর পর্যালোচনা করবেন। তিনি বলেন, ‘খসড়া তালিকায় শেখ হাসিনার বিরুদ্ধে প্রাথমিক প্রতিবেদন পাওয়া গেছে। এ ছাড়া তৎকালীন পুলিশপ্রধান, বিজিবিপ্রধানসহ কয়েকজনের নাম খসড়া প্রতিবেদনে এসেছে। এই খসড়ায় সংযোজন হতে পারে বিয়োজন হতে পারে, আমরা এগুলো যাচাই-বাছাই করে দেখছি।’
শেখ হাসিনা ছাড়াও আর কাকে কাকে আসামি করা হয়েছে, সাংবাদিকদের এ প্রশ্নে তিনি বলেন, ‘যেহেতু এটা খসড়া, চূড়ান্ত প্রতিবেদন যেহেতু আমরা রিসিভ (পাননি) করিনি, আসামিদের তালিকাটা আমরা প্রকাশ করতে চাইছি না বা পারছি না।’ আমিনুল ইসলাম বলেন, ‘খসড়া প্রতিবেদনটি পর্যালোচনা করে দেখছি। হয়তো শিগগির আমাদের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন আসবে। সেই প্রতিবেদন আসার পরে আমি একটি ফরমাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগ) দাখিল করব। এর পরই বিচার প্রক্রিয়া শুরু হবে।’
এদিকে শাপলা চত্বর হত্যাকান্ডের মামলার অগ্রগতি জানতে গতকাল প্রসিকিউশনের আইনজীবীদের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন হেফাজতে ইসলামের নেতারা। হেফাজতের সিনিয়র নায়েবে আমির আব্দুল হামিদ, যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকসহ শীর্ষ নেতারা এ সময় প্রসিকিউশনের আইনজীবীদল ও তদন্ত সংস্থার সঙ্গে মতবিনিময় করেন।
এ মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) এ কে এম শহীদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোল্লা নজরুল ইসলাম কারাগারে আছেন। এ ছাড়া ইতিমধ্যে সাবেক মন্ত্রী দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে এ গ্রেপ্তার দেখানো হয়েছে। গত বছরের ১২ মার্চ শাপলা চত্বর হত্যাকা-ের মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) হাসান মাহমুদ খন্দকার, বেনজির আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।
আওয়ামী লীগ সরকারের সময় ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ ডাকে হেফাজতে ইসলাম। সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। সেই রাতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে মতিঝিল থেকে হেফাজতের নেতাকর্মীদের সরিয়ে দেয়। এ অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় অভিযোগ দাখিল করে হেফাজতে ইসলাম। এর ধারাবাহিকতায় তদন্ত শেষ করার কথা জানালেন চিফ প্রসিকিউটর।