কুষ্টিয়ায় আর্জেন্টিনা সমর্থকের আত্মহত্যা

আপডেট : ২০ জুলাই ২০২৬, ০২:২৯ পিএম

কুষ্টিয়ার ভেড়ামারায় বিশ্বকাপের ফাইনাল খেলা দেখে দেরিতে বাড়ি ফেরার পর স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের জেরে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি আত্মহত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

রবিবার (১৯ জুলাই) গভীর রাতে উপজেলার বাহিরচর ইউনিয়নের ষোলদাগ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুমন সরদার (৩০) ওই এলাকার আবজাল সরদারের ছেলে। তিনি পেশায় ব্যাটারিচালিত ভ্যানচালক ছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, সুমন সরদার ছিলেন আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক। রবিবার রাতে বন্ধুদের সঙ্গে বিশ্বকাপের ফাইনাল খেলা দেখতে যান। খেলা শেষে বন্ধুদের সঙ্গে নৈশভোজ করে গভীর রাতে বাড়ি ফেরেন। দেরিতে ফেরাকে কেন্দ্র করে স্ত্রী জেনি খাতুনের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়।

পরিবারের সদস্যদের ভাষ্য, একপর্যায়ে স্ত্রী ঘুমিয়ে পড়লে ঘরের আড়ার সঙ্গে রশি পেঁচিয়ে সুমন আত্মহত্যা করেন।

স্থানীয়দের ধারণা, পারিবারিক কলহের পাশাপাশি প্রিয় দলের পরাজয়েও তিনি মানসিকভাবে হতাশ ছিলেন। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য মেলেনি।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জায়েদুর রহমান বলেন, সুমন আর্জেন্টিনা দলের সমর্থক ছিলেন। তবে তার মৃত্যুর পেছনে পারিবারিক কলহ নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা এখনও নিশ্চিত নয়। মরদেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত