জাতীয় ও আন্তর্জাতিক প্রধান ক্রীড়া অনুষ্ঠান, বছরের বিভিন্ন দিবস উদযাপনের সময় রাতে লাউডস্পিকার ও আতশবাজি ব্যবহারের মাধ্যমে তীব্র শব্দদূষণ, জনউপদ্রব সৃষ্টি, প্রতিদ্বন্দ্বী সমর্থক গোষ্ঠীগুলোর মধ্যে সহিংস সংঘর্ষ এবং জুয়া প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সরকারের নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে রুল জারি করেছেন হাইকোর্ট।
রবিবার (২৬ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
সুপ্রিম কোর্টের আটজন আইনজীবী জনস্বার্থে রিট দায়ের করেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নুর মোহাম্মদ আজমী ও ইউনুস আলী রবি।
রিটকারী আইনজীবীরা হলেন- মোহাম্মদ শফিকুল ইসলাম, মো. মহিউদ্দিন, ইয়াসিন আলফাজ, সাইফুল্লাহ খালেদ, মোহাম্মদ ওয়াহিদুল আলম, মো. রায়হান সোবহান, মো. আবু দাউদ নিজাম ও শেখ শরিফ উদ্দিন ফিরোজ।
রিটের বিবাদীরা হলেন- স্বরাষ্ট্র সচিব, যুব ও ক্রীড়া সচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশের কমিশনার ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক।