মুন্সীগঞ্জের সিরাজদীখানে আলজিয়া আক্তার মিম (১৪) নামের এক কিশোরীকে খাবারের প্রলোভন দেখিয়ে অটোরিকশায় তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
আজ রবিবার (২৬ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার শেখরনগর কালীমন্দির সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন— ঢাকার মাতুয়াইল এলাকার আব্দুস সাত্তারের ছেলে আব্দুল জব্বার (৪৪) এবং ঢাকার নবাবগঞ্জ উপজেলার গালিমপুর (শাহাবাদ) এলাকার সালাউদ্দিনের ছেলে অটোরিকশাচালক মুক্তার হোসেন (৫০)।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ১৪ বছর বয়সী কিশোরী আলজিয়া আক্তার মিমকে খাবারের লোভ দেখিয়ে একটি অটোরিকশায় তুলে বাড়ৈখালীর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন আব্দুল জব্বার ও চালক মুক্তার হোসেন। বিষয়টি স্থানীয়দের সন্দেহজনক মনে হলে তারা হাতেনাতে দুজনকে ধরে ফেলেন। পরে আটক দুই ব্যক্তিকে শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রে সোপর্দ করা হয়।
শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) আক্কাস বলেন, আটক ব্যক্তিদের বর্তমানে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাটি খতিয়ে দেখে সত্যতা যাচাই সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গ্যাস সংকটে নাগরিকদের ভোগান্তিতে জামায়াতের উদ্বেগ