ফেনীর পরশুরাম উপজেলার কেতরাংগা সীমান্ত দিয়ে এক নারী ও তিন শিশুসহ মোট চারজনের বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (২৬ জুলাই) বিকেলে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, বিকেল প্রায় ৩টার দিকে কেতরাংগা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এক নারী ও তিন শিশুসহ মোট চারজন জোরপূর্বক বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করে। স্থানীয় সূত্রে খবর পেয়ে বিকেল সাড়ে ৩টার দিকে কেতরাংগা বিওপির নিয়মিত টহল দল শূন্য লাইনের (জিরো লাইন) কাছে তাদের শনাক্ত করে। পরিস্থিতি মূল্যায়ন করে বিজিবি সদস্যরা তাদের বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করেন।
বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় নিরাপত্তা ও গোয়েন্দা তৎপরতা জোরদার রাখা হয়েছে।
এ বিষয়ে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্তে যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশের প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনা এবং মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) সর্বোচ্চ সতর্কতার সঙ্গে আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ফেনী সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও কথিত 'পুশইন' চেষ্টার ঘটনায় বিজিবি সীমান্ত এলাকায় টহল ও নজরদারি আরও জোরদার করেছে।
ত্রিশালে ৩০ পিস মাদক ইনজেকশনসহ গ্রেপ্তার ১