গজারিয়ায় গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়ল বসতঘর

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০৩:২৬ পিএম

মুন্সিগঞ্জের গজারিয়ায় গ্যাস সিলিন্ডার থেকে লাগা আগুনে একটি সেমিপাকা বসতঘর পুড়ে গেছে। এতে ঘরের আসবাবপত্রসহ প্রয়োজনীয় মালামাল পুড়ে আনুমানিক ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ইমামপুর ইউনিয়নের ইমামপুর গ্রামের মিয়াজ নিয়াজী ওরফে সোনা মিয়ার বসতঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে আগুন লাগার খবর পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে তাদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই বসতঘর ও ঘরে থাকা আসবাবপত্রসহ প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়।

বাড়ির মালিক মিয়াজ নিয়াজী ওরফে সোনা মিয়া জানান, সকালে নাশতা তৈরির জন্য তাঁর বড় মেয়ে রান্নার গ্যাসের চুলায় আগুন জ্বালান। এ সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে আসবাবপত্রসহ ঘরের সব প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়। এ ঘটনায় তাঁর প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

তিনি বলেন, আমার চার মেয়ে। তাদের মধ্যে তিনজন স্বামীর বাড়িতে থাকে। বড় মেয়ে তার স্বামীকে নিয়ে আমার বাড়িতে থাকে। আমি ও আমার স্ত্রী এই ঘরে বসবাস করি। আমার স্ত্রী শারীরিকভাবে অসুস্থ, আমিও শ্বাসকষ্টের রোগী। আগুনে আমাদের সবকিছু পুড়ে গেছে। এখন আমরা কোথায় থাকব, কীভাবে চলব, তা নিয়ে দুশ্চিন্তায় আছি।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ১৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।

গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ফিরোজ মিয়া বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত