গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট দুই শ্রমিকের মৃত্যু

আপডেট : ২৯ জুলাই ২০২৬, ০৩:১৩ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের দাড়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-গোলাম মওলা (৩৫)। তিনি একই ইউনিয়নের পাথরেপাড়া গ্রামের আইবুদ্দিন মিয়ার ছেলে। পেশায় তিনি গাছ কাটা শ্রমিক ছিলেন। অপরজন আজিমুদ্দীন ব্যপারি (৫৫)। তিনি দাড়াপাড়া গ্রামের বছির উদ্দীনের ছেলে। পেশায় তিনি ভ্যান চালক। 

বিষয়টি নিশ্চিত করেন হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম প্রধান (বিপ্লব)। তিনি স্থানীয়দের বরাত দিয়ে মুঠোফোনে দেশ রূপান্তরকে জানান, নিহত গোলাম মওলা দীর্ঘদিন থেকে বিভিন্ন এলাকায় গাছ কাটার কাজ করতেন। আজ সকালে গোলাম মওলাকে সঙ্গে আজিমুদ্দিন তার বাড়িতে নারিকেলের গাছ কাটছিলেন। এসময় গাছটি পল্লী বিদ্যুতের মেইন তারের ওপর পড়লে বিদ্যুতের তার বিচ্ছিন্ন হয়ে যায়। পরে বিদ্যুতের তারের ওপর থেকে গাছটি সরানোর সময় গোলাম মওলা ও আজিমুদ্দীন ব্যাপারি দুইজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গোলাম মওলা ঘটনাস্থলেই মারা যান। 

এ সময় আজিমুদ্দীন ব্যাপারি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১২ টার দিকে তিনিও মারা যান।

ইউপি চেয়ারম্যান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। ঘটনার পর ওই এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত