একীভূত পাঁচ শরিয়াহভিত্তিক ব্যাংকের আমানতকারীদের জন্য অর্থ উত্তোলনের নিয়ম আরও শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে শুধু নিজের চিকিৎসা নয়, পরিবারের সদস্যদের চিকিৎসা এবং অন্যান্য জরুরি প্রয়োজনেও সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত উত্তোলন করা যাবে। গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন গভর্নর মোস্তাকুর রহমান।
নতুন এই সিদ্ধান্তের আওতায় থাকছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংকের গ্রাহকরা। সভা সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার জন্য চালু করা বিশেষ স্কিমে সংশোধনী আনা হয়েছে। আগে কেবল নিজের চিকিৎসার জন্য অর্থ উত্তোলনের সুযোগ থাকলেও এখন মা-বাবা, স্বামী-স্ত্রী, ছেলেমেয়ে ও ভাই-বোনের চিকিৎসার পাশাপাশি অন্যান্য জরুরি পারিবারিক প্রয়োজনেও সর্বোচ্চ ১০ লাখ টাকা তোলা যাবে।
গত বছর সংকটে থাকা পাঁচটি ইসলামী ব্যাংককে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করে অন্তর্বর্তী সরকার। নতুন ব্যাংকটির পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার ২০ হাজার কোটি টাকা দিয়েছে। বাকি ১৫ হাজার কোটি টাকার বিপরীতে আমানতকারীদের শেয়ার দেওয়া হবে।
এদিকে আমানত বীমা তহবিল থেকে ১২ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়ে ২ লাখ টাকা পর্যন্ত আমানত পরিশোধের কার্যক্রমও চলছে।
