বাংলাদেশ কৃষি ব্যাংক ঢাকা বিভাগের দিনব্যাপী শাখা ব্যবস্থাপক সম্মেলন-২০২৬ ঢাকার মিরপুরস্থ আইসিসি লিমিটেডে গত ১ আগস্ট অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আমিন। সম্মানিত অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিন্তে আলী ব্যাংক পরিচালনায় কৌশলগত পরিকল্পনা বাস্তবায়নের জন্য সবার প্রতি আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান ঋণ বিতরণ ও আদায়, আমানত সংগ্রহ ও রেমিট্যান্স সংগ্রহের উপর বিশেষ গুরুত্বারোপ করে সব লক্ষ্যমাত্রার শতভাগ অর্জন নিশ্চিত করার উপর জোর দেন। আর্থিক অন্তর্ভুক্তির আওতায় পর্যায়ক্রমে নারী উদ্যোক্তাদের সিএমএসএমই ঋণ দানে অগ্রাধিকার প্রদান করে ব্যাংকটিকে লাভজনক ব্যাংকে পরিণত করার নির্দেশনা প্রদান করেন।
কৃষি ব্যাংক গত জুন মাসে দেশের সব ব্যাংকের মধ্যে রেমিট্যান্স সংগ্রহে র্শীষ স্থান অর্জন করেছে। ঋণ আদায়ে সরকারি ছয়টি ব্যাংকের মোট আদায়ের থেকেও ব্যাংকটি বেশি ঋণ (বিশেষ করে এনপিএল) আদায় করতে সক্ষম হয়েছে। ব্যাংকের উত্তরোত্তর সমৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্ম পরিকল্পনা বাস্তবায়নের জন্য সবাইকে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আ. রহিম ও মোহা. খালেদুজ্জামান।
ঢাকা বিভাগের মহাব্যবস্থাপক গোলাম মো. আরিফের সভাপতিত্বে সম্মেলনে প্রধান কার্যালয়ের সব মহাব্যবস্থাপক, মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক, কর্পোরেট শাখা প্রধান, বিভাগীয়/আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা, সংশ্লিষ্ট কর্মকর্তারাসহ সিবিএ নেতারা উপস্থিত ছিলেন।
