‘মাদ্রিদের ক্ষত শুকিয়ে গেছে, এবার নতুন অধ্যায়’, চেলসিতে চাঙ্গা আলোনসো

আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ০৪:১৬ পিএম

গত মে মাসে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ছাড়ার ৪ মাস পর এবার ইংলিশ জায়ান্ট চেলসির ডাগআউটে নতুন মিশন শুরু করেছেন জাবি আলোনসো। বার্নাব্যুতে ভিনিসিয়ুস জুনিয়রের মতো তারকাদের সঙ্গে দ্বন্দ্ব এবং সংক্ষিপ্ত মেয়াদের তিক্ত বিদায় নিয়ে চেলসির এই ৪৪ বছর বয়সী নতুন ম্যানেজার মুখ খুলেছেন। জানিয়ে দিয়েছেন, রিয়াল মাদ্রিদ ট্র্যাজেডির সেই ‘ক্ষত’ এখন সম্পূর্ণ শুকিয়ে গেছে।

বায়ার লেভারকুসেনকে অভূতপূর্ব ‘ডাবল’ ও অপরাজিত বুন্দেসলিগা শিরোপা জিতিয়ে মে মাসে রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব নিয়েছিলেন আলোনসো। তবে ভিনিসিয়ুসসহ একাধিক সিনিয়র ফুটবলারের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের পর উভয় পক্ষের সম্মতিতে দায়িত্ব ছেড়ে দেন তিনি।

সেই তিক্ত অভিজ্ঞতা নিয়ে সিডনিতে দেওয়া এক সাক্ষাৎকারে আলোনসো বলেন, "ভাগ্যিস আমার ক্যারিয়ারে খুব বেশি দাগ বা ক্ষত নেই। রিয়াল মাদ্রিদে যে ক্ষতটা তৈরি হয়েছিল, তা এখন শুকিয়ে গেছে। যেখানে ভুল হয়েছিল, সে বিষয়ে আমি নিজের ওপর কঠোর সমালোচক ছিলাম—চিন্তা করেছি আমি আরও কী ভালো করতে পারতাম। ব্যর্থতা থেকেই মানুষ শেখে।"

মাদ্রিদের অধ্যায় পেছনে ফেলে গত মে মাসের তিন সপ্তাহের গোপন বৈঠকের পর স্ট্যামফোর্ড ব্রিজের দায়িত্ব নেন আলোনসো। চেলসির প্রাক-মৌসুম প্রস্তুতিতে দেখা গেছে এক ভিন্ন আলোনসোকে। ট্রেনিং গ্রাউন্ডে খেলোয়াড়দের প্রস্তুত করতে নিজে বল পাস করার পাশাপাশি ময়েসেস কাইসেদো ও নিকোলাস জ্যাকসনদের মতো তরুণদের ধাক্কা দিয়ে শারীরিক লড়াইয়ের টেকনিক শেখাচ্ছেন তিনি।

লিগের সবচেয়ে তরুণ স্কোয়াডের খেতাব পাওয়া চেলসিতে নেতৃত্ব ও অভিজ্ঞতার ঘাটতি মেটাতে বিশেষ পরিকল্পনা নিয়েছেন আলোনসো। অ্যাস্টন ভিলা থেকে ১১৭ মিলিয়ন পাউন্ডে মরগান রজার্স এবং আতালান্তা থেকে ৪৭ মিলিয়ন পাউন্ডে মার্কো পালেস্ত্রাকে সই করানোর পাশাপাশি দুই অভিজ্ঞা তারকা ড্রেসিংরুমে আনছেন তিনি—৩৫ বছর বয়সী ইংলিশ স্ট্রাইকার ড্যানি ওয়েলবেক (জোয়াও পেদ্রোর ব্যাকআপ হিসেবে) এবং ৩৬ বছর বয়সী সাবেক লিভারপুল অধিনায়ক জর্ডান হেন্ডারসন (দলকে নেতৃত্ব দেওয়া ও ড্রেসিংরুমের শৃঙ্খলা বজায় রাখতে)।

১৫ আগস্ট নিজের শৈশবের ক্লাব রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে স্ট্যামফোর্ড ব্রিজে আলোনসোর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত