ঢাকার কেরানীগঞ্জে ইয়াবা তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৩ আগস্ট) সকালে কেরানীগঞ্জের শুভাঢ্যায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলেন ফয়সাল হোসেন মিঠু ও মো. নাসির।
র্যাব-২ টিম সকালে কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নে আয়োজিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গতকাল মোহাম্মদপুরে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তারের পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে কেরানীগঞ্জের শুভাঢ্যায় অভিযান পরিচালনা করে ফয়সাল হোসেন মিঠু নামে এক ইয়াবার ডিলারকে তার বাসা থেকে ইয়াবা তৈরীর মেশিন ও প্রায় ১১ হাজার ৭০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। পরে ফয়সালের দেয়া তথ্য অনুয়ায়ী শুভাড্যায় মদিনা মার্কেটে নাছির কেমিক্যাল ইন্ড্রাস্ট্রি নামে একটি কারখানায় অভিযান চালিয়ে কারখানার মালিক ও ইয়াবা তৈরীর কেমিস্ট নাসিরকে প্রায় ১৯ হাজার পিস ইয়াবা ও ১৭ কেজি ইয়াবা তৈরীর কাচামালসহ গ্রেপ্তার করা হয়। দীর্ঘ ১০ বছর ধরেই এই কারখানাটিতে ইয়াবা তৈরি হচ্ছিল বলে জানায় র্যাব।
র্যাব-২ এর অধিনায়ক নাইমুল হাসান সংবাদ সম্মেলনে আরও বলেন, নাসির একজন দক্ষ ইয়াবা প্রস্তুতকারক ও কেমিস্ট। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে ইয়াবা তৈরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গ্রেপ্তার ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
